খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশ অভিযান চালিয়ে দীর্ঘদিন পালিয়ে থাকা ৯টি ওয়ারেন্টভুক্ত আসামী ইয়াসমিনা হককে গ্রেফতার করেছে। তিনি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ছিলেন।
গ্রেফতার আসামি হলেন, চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার লিংক রোডস্থ আল-বারাকা হাইটসের ৬ষ্ঠ তলার বাসিন্দা জান্নাতুল হক ও ফাতেমা বেগম দম্পতির মেয়ে ইয়াসমিনা হক (৪৫)।
এবিষয়ে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস জাহান বলেন, ৯টি ওয়ারেন্টভুক্ত আসামী ইয়াসমিনা হক নগরীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত থাকাকালীন বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার সাথে পরিচয়কে কাজে লাগিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি বা বিভিন্ন অনৈতিক সুবিধা দেওয়ার কথা বলে নানা অংকের টাকা গ্রহন করে। সেসব টাকার বিপরীতে চেক প্রদান করে এবং পরবর্তীতে তিনি প্রতারণার উদ্দেশ্যে আত্নগোপন করে। ভুক্তভোগীরা আদালতে মামলা দায়ের করলে আদালত উক্ত ইয়াসমিনার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে।
এদিকে, সাধারণ মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি স্কুল কর্তৃপক্ষ জানতে পেরে ইয়াসমিনা হককে চাকরি থেকে বরখাস্ত করে।
পুলিশ জানায়, আজ ১৯ জুন বায়েজিদ বোস্তামী থানার একটি অভিযান টিম থানায় দীর্ঘদিন ধরে মুলতুবী থাকা ৯টি সিআর পরোয়ানা ভুক্ত আসামী ইয়াসমিনা হককে (৪৫) তথ্য প্রযুক্তি ও বিশ্বস্থ গুপ্তচরের সহায়তায় ডিএমপির শাহজাহানপুর থানা এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইয়াসমিনা হককে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।
খখ/মো মি


