চট্টগ্রামের বন্দরে কনটেইনারের নিচে চাপা পড়ে কনস্টেবলের মৃত্যু, চালক-সহকারী গ্রেপ্তার

বেপরোয়া ট্রেইলরটি চালাচ্ছিলেন চালকের সহকারী
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বন্দর এলাকায় বেপরোয়া লরি (ট্রেইলর) থেকে পড়া কনটেইনার চাপায় নূরে আলম নামে ট্রাফিক পুলিশের এক সদস্য নিহত হয়েছেন।

thai foods

গতকাল ২৬ জুলাই (বুধবার) ভোরের দিকে বন্দর থানা সংলগ্ন সিপিআর গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই কনটেইনারবাহী লরির হেলপার ও চালককে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন-লরির হেলপার মো. সেলিম ওরফে লিটন (৩৬) ও চালক শামীম খানের (২৮)। এরমধ্যে হেলপার সেলিমের বাড়ি ফেনীর সোনাগাজীর গুণক গ্রামে। আর চালকের বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ থানার চন্ডিপুর গ্রামে।

পুলিশ জানায়, ঘটনার সময় বেপরোয়াভাবে কনটেইনারবাহী লরিটি চালাচ্ছিলেন হেলপার লিটন। এতে লরি থেকে উল্টে পড়ে যায় কনটেইনার। কনটেইনারটির নিচে চাপা পড়েন কনস্টেবল নূরে আলম। পরে কনটেইনারটি সরিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেই কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজয় কুমার সিনহা বলেন, ঘটনার পর হেলপার লিটন গ্রামে পালিয়ে যায়, সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। চালক শামীমকে বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। কাভার্ডভ্যান ও হেলপার লিটনের ড্রাইভিং লাইসেন্সটি জব্দ করা হয়েছে।

মূলত শামীমের লাইসেন্সটি হালকাযানের হলেও তিনি ভারী যান চালাচ্ছিলেন। ঘটনার সময় লরিটি হেলপার লিটনকে চালাতে দিয়েছিলেন শামীম।
গ্রেপ্তার চালক-সহকারীর বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।

উল্লেখ্য, নগরীর দুই নম্বর গেট এলাকায় আরেক পুলিশ সদস্যকে পিষে মারার ১৫ দিনের মাথায় ঘটনাটি ঘটেছে।

খখ/মো মি

আগেআগামীকাল শুক্রবার আওয়ামী লীগের সমাবেশ হবে বায়তুল মোকাররমে, বিএনপির নয়াপল্টন
পরে“আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে সাম্প্রদায়িক অপশক্তি ও জঙ্গিবাদ মাথাচাড়া দেবে”-ড. হাছান মাহমুদ