খাসখবর শিক্ষা ডেস্ক: এইচএসসি পরীক্ষার তারিখ পেছনের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।
সোমবার (৭ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে জড়ো হয় তারা। এতে ধানমণ্ডি, কলাবাগান, শাহবাগ ও নিউ মার্কেট এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে।
সেখান থেকে চার দফা দাবি নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের দিকে অগ্রসর হয় শিক্ষার্থীরা।
সেখান থেকে নীলক্ষেত মোড়ে গিয়ে অবস্থান নিয়ে আবার সায়েন্সল্যাব মোড়ে এসে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। এসময় এই সড়কে বন্ধ হয়ে যায় যানচলাচল। সবশেষ দুপুর ২টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
তাদের দাবিগুলো হলো:
১. ৫০ মার্কের পরীক্ষা নিতে হবে।
২. পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে।
৩. ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নয়।
৪. পরীক্ষা থেকে আইসিটি সাবজেক্টটি বাদ দেওয়া।
শিক্ষার্থীদের দাবি, তারা অনেক কম সময় পাচ্ছে। এই সময়ে পুরো সিলেবাসের পরীক্ষা দেওয়া সম্ভব নয় বলে তারা জানান। তারা বলেন, আমাদের সিলেবাস কমিয়ে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হোক অথবা পরীক্ষা এক মাস বা দুই মাস পিছিয়ে দেওয়া হোক। ১০০ নম্বরের পরীক্ষা আমরা মানি না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করে যাবো।
শিক্ষার্থীরা বলেন, ২০২২ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা দীর্ঘ আড়াই বছর সময় পেয়েছে। পূর্ণ নম্বরের প্রস্তুতি নেওয়ার সময় পেয়েছিল। কিন্তু ২৩-ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীদের সময় দেওয়া হয়েছে মাত্র দেড় বছর। এছাড়া আইসিটি বিষয়টিও আমাদের ঘাড়ের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের প্রতি অবহেলা করা হয়েছে।
তাদের দাবি, পরীক্ষায় আইসিটি বিষয় বাতিল করতে হবে। সঙ্গে সব বিষয়ে আমাদের পূর্ণ নম্বর ৫০ দিতে হবে নয়তো পরীক্ষা পিছিয়ে দিতে। অন্যথায় আমরা আন্দোলন চালিয়ে যাবো। কারণ সামনে এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। অথচ আমরা সময় স্বল্পতার কারণে কোনো প্রস্তুতিই নিতে পারি নি।
শিক্ষার্থীরা বলছে, ডেঙ্গু পরিস্থিতির কারণে তাদের অনেকে ক্লাস পরীক্ষায় অংশ নিতে পারেনি। এছাড়া অনেকেই ডেঙ্গু আক্রান্ত হয়েছে। দুই মাস পরীক্ষা পেছানো হোক, না হলে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়ার হোক।
খখ/মো মি


