খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীতে ১১ বছর বয়সী পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে শিক্ষক মঞ্জুরুল ইসলাম। অবশেষে সেই শিক্ষককে গ্রেফতার করে তার হেফাজত থেকে ছাত্রীকে উদ্ধার করলো ‘টিম কোতোয়ালি’।
সোমবার (১৪ আগস্ট) বিকেলে বান্দরবান জেলা সদর থেকে চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশ শিক্ষককে গ্রেফতারের পাশাপাশি ছাত্রীকে উদ্ধার করে।
গ্রেফতার মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম (৩৪) নগরীর পাহাড়িকা বালিকা উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী শিক্ষক।
এবিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির।
তিনি জানান, গত ১২ আগস্ট (শনিবার) সন্ধ্যা থেকে ১১ বছর বয়সী ওই ছাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার বাবা প্রথমে থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে রোববার মামলা দায়ের করা হয়। এর ভিত্তিতে সোমবার সকালে বান্দরবান সদরে একটি স্থানে অভিযান চালিয়ে শিক্ষককে গ্রেফতার ও ছাত্রীকে উদ্ধার করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তমিজ উদ্দিন জানিয়েছেন, ২০১৮ সালের ১ জুলাই মঞ্জুরুল খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন। তিনি ইসলাম ধর্ম ও সামাজিক বিজ্ঞান পড়াতেন।
তিনি জানান, শনিবার রাতে ছাত্রীর বাবা তাকে ফোন করে মেয়ে নিখোঁজের বিষয়ে জানান এবং এব্যাপারে শিক্ষক মঞ্জুরুল জড়িত রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন। পরে খোঁজ খবর নিয়ে শিক্ষকের বিষয়ে পুলিশকে বিস্তারিত তথ্য দিই।
খখ/মো মি


