সিএনজি অটোরিকশায় ফেলে যাওয়া দুই লাখ টাকা উদ্ধার করে দিলো পাঁচলাইশ থানা পুলিশ

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিতে এসে সিএনজি অটোরিকশায় ব্যাগ ফেলে রেখে নেমে পড়েন হাটহাজারীর মো. রহিম উদ্দিন। ওই ব্যাগে ছিল ছেলের চিকিৎসার জন্য ঋণ করে আনা এক লাখ ৯০ হাজার টাকা। পরে সেই টাকা দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করে রোগীর নিকট আত্মীয় রহিম উদ্দিনকে ফিরিয়ে দেয় পাঁচলাইশ থানা পুলিশ। আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

thai foods

আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে পাঁচলাইশ থানায় ভুক্তভোগী মো. রহিম উদ্দিনের হাতে হারিয়ে যাওয়া টাকার ব্যাগ তুলে দেন পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা ও চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সাব ইন্সপেক্টর নুরুল উল্লাহ আশিক।

সিএনজি অটোরিকশায় টাকার ব্যাগ ফেলে আসা মো. রহিম উদ্দিন বলেন, মঙ্গলবার সকালে বিবিরহাট বাসা থেকে একটি ব্যাগে ১ লাখ ৯০ হাজার টাকাসহ আমার অসুস্থ সন্তান, স্ত্রীকে নিয়ে বিবিরহাট দুই নম্বর গলি থেকে চমেক হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে সিএনজিতে উঠি। পরে চমেক হাসপাতালে মূল গেইটে সিএনজি চালককে ভাড়া দিয়ে সবাই নেমে পড়ি। কিছুদূর যাওয়ার পর ব্যাগের কথা মনে পড়লে স্ত্রীর কাছে ব্যাগ কোথায় জানতে চাইলে তিনি বলেন, সিএনজি থেকে টাকার ব্যাগটি নেয়া হয়নি। যেখানে নেমেছিলাম সেখানে ছুটে গিয়ে দেখি সিএনজি চলে গেছে। পরে আশেপাশে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করে সিএনজি না পেয়ে পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত সময়ের মধ্যে টাকাগুলো উদ্ধার করে দেয়।

তিনি বলেন, হারানো টাকা পুলিশ এত দ্রুত উদ্ধার করে দিতে পারবে তা আমি চিন্তাও করিনি। এখন আমি অনেক খুশি। একজন অসহায়ের পাশে এভাবে দাঁড়ানোর জন্য পুলিশের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই। পুলিশের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব।

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, সিএনজি অটোরিকশায় টাকার ব্যাগ ফেলে আসার বিষয়টি অবগত হওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ ছুটে যান এবং আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই সিএনজি অটোরিকশা শনাক্ত করা হয়। পরে সিএনজির মালিকের সঙ্গে যোগাযোগ করে সিএনজি চালককেও শনাক্ত করা হয়। মানবিক দিক বিবেচনা করে খুবই দ্রুততার সঙ্গে কাজটি করার চেষ্টা করেছে পুলিশ।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল উল্লাহ আশিক বলেন, আজ মঙ্গলবার সাড়ে ১১টার দিকে হাটহাজারীর গুমানমর্দন ইউনিয়ন থেকে রহিম উদ্দিন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। কিন্তু তিনি ভুলে হাসপাতালে আসা সিএনজি অটোরিকশায় তার ব্যাগটি ফেলে হাসপাতালে যান। কিন্তু হাসপাতালে প্রবেশ করে ব্যাগ ফেলে আসার বিষয়টি তিনি খেয়াল করেন। ওই ব্যাগে তার এক লাখ ৯০ হাজার টাকা ছিল। এরপর তিনি হাসপাতাল পুলিশ বক্সে আসেন। পরে হাসপাতাল এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সিএনজি অটোরিকশাটি শনাক্ত করা হয়। সিএনজি অটোরিকশা চালক শনাক্ত হওয়ার পর চালক টাকার বিষয়টি অস্বীকার করে। পরে চালকের বাসায় অভিযান চালিয়ে ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগে টাকা ও অন্য জিনিসপত্র ছিল। টাকাসহ ব্যাগটি প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করা হয়েছে।

খখ/মো মি

আগে“দখল নয়, দলিলই হবে জমির মালিকানা”- সংসদে বিল
পরেভগবান শ্রীকৃষ্ণের আজ জন্মতিথি: শুভ জন্মাষ্টমী