আমীর খসরুকে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে রোববার হরতাল ডাকল বিএনপি

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ঢাকায় গুলশানের একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ কর্তৃক গ্রেফতার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে আগামীকাল রবিবার (৫ নভেম্বর) চট্টগ্রামে সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল কর্মসূচি আহ্বান করেছে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি।

thai foods

সরকারের পদত্যাগের একদফা দাবির আন্দোলনে সম্পৃক্ত থাকা চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদ জানাতে চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণকে এ কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে রাজধানী ঢাকার গুলশানের বাসা থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার করা হয়। গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের মধ্যে পুলিশ সদস্য আমিরুল হক পারভেজকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় চট্টগ্রামের বন্দর আসনের সাবেক এ সংসদ সদস্যকে ৬ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

হরতাল শান্তিপূর্ণভাবে সফল করার জন্য চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মী এবং চট্টগ্রামবাসীর সহযোগিতা কামনা করেছেন নেতৃবৃন্দ।

চট্টগ্রাম জেলা ও মহানগরে সর্বাত্মকভাবে এ কর্মসূচি পালন করা হবে, তবে অ্যাম্বুলেন্স, সংবাদপত্রবাহী ও সাংবাদিকদের বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে। পাশাপাশি রবিবার ও সোমবার বিএনপির ডাকা দেশব্যাপী দুইদিনের অবরোধ কর্মসূচিও চলমান থাকবে।

চট্টগ্রামের সকাল সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে সফল করার জন্য আহবান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান, মীর মো. নাছির উদ্দীন, চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম।

নেতৃবৃন্দ বলেন, হরতাল অবরোধ জনগণের অধিকার আদায়ের গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি। বিএনপি ঘোষিত এই কর্মসূচি হচ্ছে শান্তিপূর্ণ, জনসম্পৃক্ত, সিনিয়র নেতাদের মুক্তি ও এক দফার দাবি আদায়ের। এই হরতাল, অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে নানামুখী অপপ্রচার চালানো হচ্ছে। তাই চট্টগ্রামবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল অবরোধ কর্মসূচি পালন করার আহবান জানাচ্ছি।

খখ/মো মি

আগে“যে হাতে আগুন দেয় ওই হাত পুড়িয়ে দিতে হবে”- প্রধানমন্ত্রী
পরেচট্টগ্রামে বিলুপ্ত প্রজাতির পাঁচটি ‘মুখপোড়া হনুমান’ উদ্ধার করলো বাকলিয়া থানা পুলিশ, ৩ পাচারকারী গ্রেপ্তার