খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভ্যাক) ঠিকানা পরিবর্তিত হয়ে আরও সুপরিসর জায়গায় স্থানান্তর করা হয়েছে।
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের নতুন ঠিকানা হলো নাসিরাবাদ ২ নম্বর গেটস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে চট্টগ্রাম ট্রেডিং হাউস ভবনের দ্বিতীয় তলায়। এখন থেকে নতুন ঠিকানায় ভিসার আবেদন ফরম জমা দিতে হবে। নতুন আইভেক সেন্টারে সকল সুযোগ সুবিধা পাওয়া যাবে।
এর আগে এতোদিন চট্টগ্রামের মানুষ খুলশী থানার পাশে জাকির হোসেন রোডের হাবিব লেইনে ভিসার আবেদন জমা করতো।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নগরীর ২ নম্বর গেটস্থ সিডিএ অ্যাভিনিউতে আইভ্যাকের নতুন কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন থেকে খুলশী আইভেক সেন্টারে ভিসা কার্যক্রম বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নতুন এই ভবন উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মা।
এই সময় উপস্থিত ছিলেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী ও ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) বাংলাদেশের কান্ট্রি হেড অমিত কুমার, চিটাগাং চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনকালে প্রণয় ভার্মা বলেন, ‘এখন থেকে খুলশীর পুরাতন আইভেক সেন্টার বন্ধ থাকবে। নতুন ঠিকানার আইভেক সেন্টারে আরও বিস্তৃত পরিসরে সেবা পাবে মানুষ। ভিসা প্রত্যাশীদের সুবিধার জন্য অত্যাধুনিক ও নান্দনিক পরিবেশে ভারতীয় ভিসা আবেদেনের কেন্দ্রটি চালু করা হয়েছে। এতে চট্টগ্রামের বাসিন্দাদের ভিসা আবেদনের প্রক্রিয়া আরও সহজ হবে।’
প্রণয় ভার্মা আরও বলেন, উন্নত ও নান্দনিক পরিবেশের অত্যাধুনিক এই নতুন কেন্দ্রটি চট্টগ্রামের বাসিন্দাদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়াকে সহজ করবে এবং স্বাচ্ছন্দ্য বাড়াবে।
ভারতীয় হাইকমিশনের পক্ষে বাংলাদেশে আইভ্যাকগুলো পরিচালনা করে ‘স্টেট ব্যাংক অব ইন্ডিয়া’। আর ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বিশ্বের বৃহত্তম ভিসা আবেদন কেন্দ্র।
খখ/মো মি


