খাসখবর বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীতশিল্পী অনুপ ঘোষাল আর নেই। না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় এ সংগীতশিল্পী।
শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা ১টা ৪৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি লিখেছেন, ‘বিশিষ্ট সংগীতশিল্পীর প্রয়াণে আমরা শোক প্রকাশ করছি’।
নজরুল গীতি ছাড়াও অনুপ ঘোষাল জীবদ্দশায় প্রায় সব ধরনের গান গেয়েছেন। সংগীত পরিচালনা করেছেন বেশ ক’টি সিনেমাতেও। পশ্চিমবঙ্গ পেরিয়ে তার কণ্ঠ সমান জনপ্রিয় বাংলাদেশেও।
বাবা ও মা দুজনেই ছিলেন গানের মানুষ। চারবছর বয়স থেকে গান শিখতে শুরু করেছিলেন অনুপ। শিল্পীর যখন ১৯ বছর বয়স, তখন সত্যজিৎ রায়ের নজরে পড়েন। ১৯৮০ সালে মুক্তি পায় ‘হীরক রাজার দেশে’। ‘মোরা দুজনায় রাজার জামাই’, ‘আহা কী আনন্দ আকাশে বাতাসে’, ‘এসে হীরক দেশে’র মতো গান শোনা যায় অনুপ ঘোষালের কণ্ঠে। এই সিনেমার জন্যই সেরা জাতীয় পুরস্কার পান বাংলার শিল্পী।
হিউম্যানিটিজ নিয়ে আশুতোষ কলেজ থেকে গ্রাজুয়েশন করেন অনুপ। পরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি করেন। ২০১১ সালে উত্তরপাড়ার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন এই শিল্পী।
খখ/মো মি


