খাসখবর তথ্য প্রযুক্তি ডেস্ক: প্রায় ১৫ দিন বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশে সচল হয়েছে ফেসবুক-হোয়াটসঅ্যাপ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। ঝরেছে শতাধিক প্রাণ। এই হিংসাত্মক আন্দোলনের জেরে বন্ধ করে দেওয়া হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক, ইউটিউব-সহ অন্যান্য সোশাল মিডিয়া। দুসপ্তাহ পর আজ, বুধবার এই সমাজ মাধ্যমগুলোর ক্যাশ সার্ভার খুলে দেওয়া হয়েছে।
ছাত্র আন্দোলনের সময় দেশের নানা গুরুত্বপূর্ণ ভবন ও কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি আগুনে পুড়িয়ে দেয়। এর পরেই গত ১৭ জুলাই রাতে দেশে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। পরে বিভিন্ন সোশাল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়। অবশেষে ২৮ জুলাই, রবিবার বিকেল তিনটে থেকে সারা দেশে ফোরজি ইন্টারনেট পরিষেবা চালু করা। আজ থেকে চালু হয়েছে ফেসবুক-হোয়াটসঅ্যাপ-সহ নানা সমাজ মাধ্যম। এর ফলে স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ।
অবশেষে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ৩১ জুলাই (বুধবার) বেলা দুইটার পর চালু হয়েছে।
এর আগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক জানিয়েছিলেন, আজ বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো খুলে দেওয়া হবে।
জুনাইদ আহ্মেদ বলেছিলেন, ‘যেসব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহারে কিছুটা সময়ের জন্য সাময়িকভাবে বিধিনিষেধ আরোপ করেছিলাম, সার্বিক বিবেচনায় আজকে তা প্রত্যাহার করে নিচ্ছি। ফেসবুক, টিকটক ও ইউটিউব, বিকেলের মধ্যে সব চালু হবে।’
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মালিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ কথাগুলো বলেন। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয়ে ৯টা থেকে বৈঠক হয়। পরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী জানান, ইউটিউব ই-মেইলে ব্যাখ্যা দিয়েছে। ফেসবুকের প্রতিনিধি অনলাইনে সরকারের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন। টিকটকের প্রতিনিধি সশরীর হাজির হন।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পাঁচ দিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে। ১০ দিন পর ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়েছে। কিন্তু বন্ধ ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম।
সরকার বলছে, দেশের আইন মানতে সম্মত হলে ফেসবুক চালু হবে। অবশ্য ফেসবুক কর্তৃপক্ষ সাধারণত নিজস্ব নীতি অনুযায়ী চলে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এক প্রশ্নের জবাবে গত রোববার সাংবাদিকদের বলেছিলেন, সরকার আধেয় বা কনটেন্ট সরানোর যত অনুরোধ করে, সে তুলনায় ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা খুব কমই সাড়া দেয়।
প্রতিমন্ত্রী বলেন, ১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত ফেসবুক সরকারের অনুরোধের বিপরীতে ১৩ শতাংশ আধেয় সরিয়েছে। ইউটিউব ১৭ থেকে ২৬ জুলাই পর্যন্ত সরিয়েছে ২১ শতাংশ। টিকটক সরিয়েছে ৬৮ শতাংশ।
ফেসবুকের তথ্য যাচাইকারী বা ফ্যাক্ট চেকাররা ভিন্ন মতাদর্শে উদ্বুদ্ধ বলেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী।
খখ/মো মি


