“সংস্কারের গতিই ঠিক করবে, নির্বাচন কত দ্রুত হবে”-এএফপিকে প্রধান উপদেষ্টা

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

thai foods

১৩ নভেম্বর (বুধবার) আজারবাইজানের রাজধানী বাকুতে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারের একপর্যায়ে তিনি এ মন্তব্য করেন। ড. ইউনূস জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ২৯) যোগ দিতে এখন সেখানে অবস্থান করছেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে নানা সংস্কার প্রয়োজন।’ তিনি বলেন, ‘সংস্কারের গতিই ঠিক করে দেবে, নির্বাচন কত দ্রুত হবে।’ জোর দিয়ে তিনি জানান, দেশকে তিনি একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাবেন।

প্রধান উপদেষ্টা বলেন, এটি একটি প্রতিশ্রুতি, যা আমরা দিয়েছি। আমাদের প্রস্তুতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন দেব এবং নির্বাচিত ব্যক্তিরা ক্ষমতা গ্রহণ করে দেশ পরিচালনা করবেন। ড. ইউনূস আরও বলেন, ‘সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকার, জাতীয় সংসদ ও নির্বাচনি বিধিমালার কাঠামোর বিষয়ে দেশে দ্রুত ঐকমত্য দরকার।’ তিনি বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকার। তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত।’

শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানে আগস্টে শেখ হাসিনার পতনের পরপর অন্তর্বর্তী সরকারকে নেতৃত্ব নিতে প্রধান উপদেষ্টা হিসাবে ড. ইউনূসের নাম ঘোষণা করা হয়।

প্রথমে সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে লাখো মানুষ প্রতিবাদ-বিক্ষোভে রাজপথে নামেন। পরে তা শেখ হাসিনার ১৫ বছরের কঠোর শাসনের অবসানের দাবিতে দেশব্যাপী গণ-আন্দোলনে রূপ নেয়।

৫ আগস্ট শেখ হাসিনা হেলিকপ্টারে ভারত পালিয়ে যান। এর আগে ৭০০ জনের বেশি মানুষ নিহত হন, তাদের মধ্যে অনেকেই পুলিশের নৃশংস দমন-পীড়নে প্রাণ হারান।

শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে বাংলাদেশ অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তার শাসনামলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজনৈতিক বিরোধীদের গণগ্রেফতার ও বিচারবহির্ভূত হত্যার বিষয়ও রয়েছে।

ড. ইউনূস বলেন, ‘যে কোনো সরকারই স্থিতিশীলতার বিষয় নিয়ে উদ্বেগ থাকবে। আমরাও এ নিয়ে উদ্বিগ্ন।’

ড. ইউনূস বলেন, ‘আশা করছি, আমরা এ সমস্যার সমাধান করতে পারব এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’ তবে এসব বিষয় নিয়ন্ত্রণে আনতে সময় লাগার ইঙ্গিত দিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, ‘বিপ্লবের পর মাত্র তিন মাস সময় পেরিয়েছে।’

খখ/মো মি

আগেক্ষমা না চাইলে নুরুল হক নুরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে চিফ প্রসিকিউটরের কার্যালয়
পরে“বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই”-বিবিসি হিন্দিকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম