মোহন মিন্টু, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডিএমপির রমনা বিভাগের সফল ডিসি মো. মাসুদ আলম।
আজ বৃহস্পতিবার (৭ মে) তিনি আনুষ্ঠানিকভাবে বিদায়ী পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খানের কাছ থেকে চট্টগ্রাম জেলা পুলিশের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম কার্যালয়ে এসে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন অতিরিক্ত পুলিশ সুপারগণ।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে তাকে সম্মানসূচক গার্ড অব অনার দেওয়া হয়। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় তিনি পেশাদারত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথা জানান।
এসময় এসপি মো. মাসুদ আলম বলেন, সমন্বিতভাবে কাজের মাধ্যমে জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে হবে। ‘টিম চট্টগ্রাম’ হিসেবে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের নির্দেশনাও দেন এবং তিনি চট্টগ্রামের নাগরিকদের সহযোগিতা কামনা করেন।
পরে জেলার বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। সভায় সব থানার ওসি, ট্রাফিক বিভাগ, গোয়েন্দা শাখা (ডিবি), বিশেষ শাখা (ডিএসবি) ও কোর্ট পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি মো. মাসুদ আলম বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি বগুড়া জেলায়। রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নানা কারণে আলোচনায় আসেন এবং কর্মদক্ষতার জন্য সুনাম অর্জন করেন। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা যমুনা, সচিবালয়, হাইকোর্ট ও টিএসসি এলাকায় বিভিন্ন দাবিদাওয়া নিয়ে হওয়া আন্দোলন নিয়ন্ত্রণে তার ভূমিকা প্রশংসিত হয়।
রমনা বিভাগের ডিসি হিসেবে যোগদানের আগে মাসুদ আলম পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পেও কর্মরত ছিলেন।
গত মঙ্গলবার (০৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার এসপি হিসেবে বদলিসহ ১২ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা দুটি প্রজ্ঞাপনে মোট ৩৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
খখ/মো মি


