খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে খণ্ডিত মরদেহ উদ্ধারের এক সপ্তাহের ব্যবধানে এবার দেহবিহীন একটি মানুষের মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন একটি টিলার খাদ থেকে খুলিটি উদ্ধার করা হয়।
এর আগে, গত শনিবার (৯ মে) একই ইউনিয়নের নতুন আশ্রয়ণ এলাকার একটি টিলা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। তবে ওই সময় মরদেহের বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয়দের ধারণা, শুক্রবার উদ্ধার হওয়া খুলিটি আগের উদ্ধার হওয়া ওই নারীর মরদেহের অংশ হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পাইন্দং ডলু আশ্রয়ণ প্রকল্পের ১৬ নম্বর ঘরের বাসিন্দা শিরু আক্তার দুপুরে ছাগল খুঁজতে গিয়ে টিলার খাদে সাদা রঙের একটি বস্তু দেখতে পান। কাছে গিয়ে সেটি মানুষের মাথার খুলি বলে শনাক্ত করেন তিনি। পরে বিষয়টি স্থানীয়দের জানান।
খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে খুলিটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, ‘দেহবিহীন একটি মাথার খুলি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কয়েকদিন আগে একই এলাকায় উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহের অংশ হতে পারে। তবে নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষা ও ডিএনএ বিশ্লেষণ করা হবে।’
তিনি আরও জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত চালিয়ে যাচ্ছে।
গত ৯ মে পাইন্দং ইউনিয়নের নতুন আশ্রয়ণ এলাকার একটি টিলা থেকে এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। বনমোরগ শিকারে গিয়ে কয়েকজন শিশু মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের জানালে পুলিশ তা উদ্ধার করে।
এদিকে একই এলাকার দুটি টিলায় প্রায় এক কিলোমিটার দূরত্বে ধারাবাহিক এ ধরনের ঘটনার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খখ/মো মি


