খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় পৃথক দুটি অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করা হয়েছে।
অভিযানে দুটি দেশীয় একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ, চাপাতি, ছুরি, কুড়াল, শক মেশিনসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আমিনুল ইসলাম এই তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন, সম্রাট, রবিউল হোসেন, জাহিদ হাসান, রাজু, রকিবুল হাসান, আব্দুর রহমান ভুট্টো মিয়া, হাসান প্রকাশ বি-ক্লাস হাসান, মঈন উদ্দিন, ইয়াছিন আরাফাত, নয়ন ও আরিফুর রহমান বাবু।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই ডাকাতি, খুন, মাদক ও অস্ত্র আইনের একাধিক মামলা রয়েছে।
ডিসি মো. আমিনুল ইসলাম বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি দল চক্রেশো আবাসিক এলাকার জি এম ভবনের সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে হাসান বি-ক্লাস হাসান, মঈন উদ্দিন, ইয়াছিন আরাফাত, নয়ন ও আরিফুর রহমান বাবুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি ও একটি শক মেশিন উদ্ধার করা হয়।

এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, একই রাতে অক্সিজেন এলাকার রৌফাবাদে বাগদাদ হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউসের সামনে ডাকাতির প্রস্তুতিকালে সম্রাট, রবিউল হোসেন, জাহিদ হাসান, রাজু, রকিবুল হাসান ও আব্দুর রহমান ভুট্টো মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি স্টিলের চাপাতি, দুটি স্টিলের ছুরি, একটি লোহার কাটার ও একটি স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায়ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
খখ/মো মি


