ভিডিওতে ৮টি পিস্তল প্রদর্শন করে হুমকি দেওয়া রাউজানের সেই ‘হৃদয় বুলেট’ নোয়াখালীতে গ্রেপ্তার

Oplus_131072
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সারিবদ্ধভাবে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রামের রাউজানের এক কিশোর গ্যাং নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মো. হৃদয় আহম্মেদ শাওন ওরফে ‘বুলেট’ (২৫) নামের ওই ব্যক্তিকে নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। 

thai foods

তার বিরুদ্ধে অস্ত্রের ছবি ও ভিডিও দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১১ নভেম্বর) সকালে চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার হৃদয় রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়ার বাসিন্দা। তার বাবার নাম মো. বাদশা মিয়া। এলাকায় তিনি একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিতেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তিকে সারিবদ্ধভাবে রাখা একাধিক দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে অন্য একজনকে হুমকি দিতে দেখা যায়। ভিডিওটি পুলিশের নজরে এলে অস্ত্র প্রদর্শনকারী ব্যক্তির পরিচয়, অস্ত্রের উৎস ও অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে অনুসন্ধান শুরু করে জেলা গোয়েন্দা শাখা। পরে ভিডিওতে থাকা ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন জানিয়েছেন, ভাইরাল ভিডিওতে প্রদর্শিত আগ্নেয়াস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির। ২০২৫ সালের ৩০ অক্টোবর র‍্যাব ওই ব্যক্তিকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছিল।

জিজ্ঞাসাবাদে শাওন আরও জানান, তিনি বিভিন্ন সময়ে মুঠোফোনে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও ধারণের পাশাপাশি হুমকিমূলক কথোপকথন অডিও আকারে রেকর্ড করে রাখতেন। পরে এসব ছবি, ভিডিও ও অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি এবং চাঁদা দাবি করতেন। অর্থাৎ, সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহার না করেও সেগুলোর ছবি ও ভিডিও দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পেয়েছে পুলিশ।

শাওনের বিরুদ্ধে রাউজান থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় দুটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য অপরাধ, আগ্নেয়াস্ত্রের উৎস এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর হৃদয়কে থানায় আনা হয়েছিল। তার বিরুদ্ধে রাউজান থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় দুটি মামলা রয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 খখ/মো মি

আগেচট্টগ্রামে পোড়া মবিলেই তৈরি হচ্ছে নামীদামি ব্র্যান্ডের ‘ভেজাল মবিল’
পরেসিএমপির চান্দগাঁও থানা ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড সিটিজেনস ফোরামের কমিটি গঠিত