খাসখবর খেলা ডেস্কঃ টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের নতুন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করা হয়েছে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকবেন তিনি।
বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করার পরই অনেকটা নিশ্চিত হওয়া গিয়েছিল যে, সাকিব আল হাসানই হচ্ছেন এশিয়া কাপে বাংলাদেশ দলের অধিনায়ক। এছাড়া দেখার বিষয় ছিল মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদকে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে দলে ফেরানো হয় কি না।
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাকিব আল হাসানকে করা হলো টি-টোয়েন্টি দলের অধিনায়ক এবং দলে ফেরানো হলো মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে। তবে ইনজুরিতে থেকে সেরে ওঠার সম্ভাবনা থাকায় নুরুল হাসান সোহানেরও নাম রাখা হয়েছে এশিয়া কাপের স্কোয়াডে।
শনিবার (১৩ আগস্ট) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে নির্বাচক, বোর্ড কর্মকর্তাদের সঙ্গে সাকিবের বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস এই ঘোষণা দেন।
বৈঠকে ছিলেন বিসিবি সভাপতি, জালাল ইউনুস, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, নির্বাচক হাবিবুল বাশার এবং সদ্য ঘোষিত অধিনায়ক সাকিব আল হাসান।
তিনি বলেন, ‘আমাদের আগের বোর্ড সভায় এটা সিদ্ধান্ত নেওয়া ছিল,আজকে আবার আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি। আজকে আমাদের মাননীয় বোর্ড সভাপতি ছিলেন, নির্বাচকরা ছিলেন।
আমরা এ কয়টা সিরিজের জন্য সাকিবকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছি। ‘
এ নিয়ে তৃতীয় মেয়াদে টি-টোয়েন্টি অধিনায়ক হলেন সাকিব। ২০০৯ ও ২০১৭ সালে দুই দফায় এই ফরম্যাটে অধিনায়ক হয়েছিলেন দেশসেরা অলরাউন্ডার।
সাকিবের অধীনে ২১ ম্যাচের ৭টিতে জয় পেয়েছে বাংলাদেশ। যেখানে ২১ ম্যাচের ১৪টিতেই হারের মুখ দেখতে হয়েছিল সাকিবকে।
সাকিব শুধু আসন্ন এশিয়া কাপেই নয়, চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপেও জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রি-দেশীয় সিরিজেও নেতৃত্বের দায়িত্ব পালন করবেন তিনি। এই সিরিজের অন্য দলটি হলো পাকিস্তান।
অধিনায়ক হিসেবে সাকিবের নাম ঘোষণার পরই এশিয়া কাপের জন্য ১৭ জনের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এ সময় তার পাশে ছিলেন আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমন।
খখ/মো মি


