খাসখবর খেলা ডেস্কঃ আর্জেন্টিনার জনসংখ্যা প্রায় সাড়ে চার কোটি। বলা হয়ে থাকে, দেশটির জনসংখ্যার চেয়ে বাংলাদেশে তাদের ফুটবল সাপোর্টার বেশি। এটি অবশ্য এখন তারাও জানে। আর সেই সম্মানে বাংলাদেশিদের জন্য ‘ভার্চুয়াল উপহার’ দিলো আর্জেন্টিনা।
ফিফার র্যাঙ্কিংয়ের তলানির দিকের দেশ বাংলাদেশ বিশ্বকাপ তো দূরের কথা, কখনো এশিয়া কাপেও খেলেনি। অথচ বিশ্বকাপ ফুটবল এলে এ দেশের মানুষের উন্মাদনা মাত্রা ছাড়িয়ে যায়। লাতিন দুই পরাশক্তি আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থক শিবিরে বিভক্ত হয়ে পড়ে দেশ। দক্ষিণ এশিয়ার দেশটির এ ফুটবল উন্মাদনার বিষয়টি এখন মোটামুটি সবার জানা। জানেন মেসি-নেইমাররাও। তাইতো বাংলাদেশিদের সম্মানে আর্জেন্টিনার পেশাদার ফুটবল লিগ দিয়েছে
‘ভার্চুয়াল উপহার’।
দেশটির পেশাদার ফুটবল লিগ টুইটার ও ফেসবুকে ফেরিফায়েড পেজে মেসির হাতে বাংলাদেশের পতাকা হাতে একটি ছবি দিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, গোলের পর মাঠে ছুটছেন লিওনেল মেসি। তবে তার হাতে বাংলাদেশের পতাকা। ফুটবলের কোনও সীমানা নেই, এ ছবিটি দিয়ে আবারও সেই বার্তা দিলো তারা।
মেসির হাতে বাংলাদেশের পতাকা দেখে অনেকেই চমকে যাবেন হয়তো। প্রথমেই ছবির সত্যতা নিয়ে ধাক্কা খেতে পারেন সমর্থকরা। ছবিটি আসলে ফটোশপে তৈরি করা। তবে ফেসবুক ও টুইটার পোস্টটি সত্য। মূলত এই ছবি দিয়ে বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকদের সম্মান জানালো তারা। বানানো ছবির মাধ্যমে হলেও এটা বাংলাদেশের আর্জেন্টাইন ফ্যানদের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা!
ছবিটি ভাইরাল হতে সময় লাগেনি মোটেই। বাংলাদেশি আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের মধ্যে দারুণ আলোড়ন তুলেছে ছবিটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ শেয়ার করেছেন লিওনেল মেসির ছবিটি। এক মেসিভক্ত ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘কিছু জিনিস এডিটেড হলেও সুন্দর।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে একই কথা আরও অনেকেই বলছেন। তারা বলছেন, ‘ছবিটি সম্পাদনা করে তৈরি করা হলেও ফুটবলের ক্ষুদ্র শক্তি বাংলাদেশের মানুষের সমর্থনের কথা যে মেসিদের জানা আছে এবং তারা যে দেশটিকে চিনছে, সম্মান করছে, এটি সম্ভব হয়েছে ফুটবলের কারণেই।’
ফুটবল যে দেশের সীমা ছাড়িয়ে বিশ্বের মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে বাঁধতে পারে, তাই যেন বোঝাচ্ছে এ ছবি।
ছবি পোস্ট করে আর্জেন্টিনার পেশাদার ফুটবল লিগ টুইটারে লিখেছে, ‘লিওনেল মেসি বাংলাদেশ।’ মেসির সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব বুঝাতে সেখানে দুটি ইমোজিও যোগ করা হয়েছে।
একইভাবে ফেসবুক পেজেও তারা ছবিটি দিয়ে লিখেছে, ‘লিওনেল মেসি বাংলাদেশ। এটাই সেই টুইট। বাংলাদেশ ফুটবল ফেডারেশন।’
খখ/মো মি


