গুজরাটের নির্বাচনে বিপুল ব্যবধানে এগিয়ে বিজেপি

হিমাচল প্রদেশে হাড্ডাহাড্ডি লড়াই
thai foods

খাসখবর আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘাঁটি হিসেবে পরিচিত গুজরাটে বিধানসভা নির্বাচনের ফলাফলে বিপুল ব্যবধানে এগিয়ে ক্ষমতাসীন দল বিজেপি। সবশেষ ফলাফলে ১৮২ আসনের গুজরাটে এখন পর্যন্ত ১৫০ আসনে পেয়েছে গেরুয়া শিবির। যেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৯২ আসন। আর গতবারের শক্ত প্রতিপক্ষ কংগ্রেস পেয়েছে মাত্র ২২টি আসন। খবর এনডিটিভি’র।

thai foods

গত ২৭ বছর ধরে এই রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। বুথফেরত সমীক্ষা অনুযায়ী এবারও গেরুয়া শিবির ক্ষমতায় আসছে। গত কয়েক দশক ধরেই গুজরাট দেখেছে কংগ্রেস-বিজেপির দ্বিমুখী লড়াই।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। প্রথমেই এগিয়ে যায় বিজেপি। এবার বিধানসভা ভোটে বিজয়ী হলে এ নিয়ে টানা সাত বার গুজরাট শাসনের দায়িত্ব পাবে নরেন্দ্র মোদি-অমিত শাহের বিজেপি। গতবারের চেয়ে কম আসন পেয়েছে কংগ্রেস। এবার ২২টি আসন পেয়েছে ভারতের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলটি। অপরদিকে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি) পেয়েছে ৮টি আসন।

২০১৭ সালের বিধানসভা ভোটে গুজরাটে ৯৯টি আসন নিয়ে ক্ষমতায় আসে গেরুয়া শিবির। ওটাই ছিল বিজেপির সবচেয়ে কম আসন। অন্যদিকে, ২০১৭ সালের বিধানসভা ভোটে ৭৭টি আসন পেয়েছিল কংগ্রেস। নির্দল এবং অন্যরা সে বার পেয়েছিল ৬টি আসন।

এদিকে হিমাচল প্রদেশে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বিজেপি-কংগ্রেসের। সবশেষ ফলাফল অনুযায়ী ৬৮ আসনের হিমাচলে কংগ্রেসের ঘরে ঢুকেছে ৩৪ আর বিজেপির ৩০টি আসন। প্রদেশটিতে বিজয়ী হতে হলে প্রয়োজন ৩৫টি আসন।

হিমাচলে, ১২ নভেম্বর ৬৮টি আসনের জন্য ভোটপর্ব অনুষ্ঠিত হয়। অন্যদিকে গুজরাটে ১৮২টি আসনের জন্য ১ এবং ৫ ডিসেম্বর দুই ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

খখ/মো মি

আগেসাত বছর পর ভারতের বিপক্ষে সিরিজ জয় করলো বাংলাদেশ
পরেআজ থেকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু