খাসখবর রাজনীতি ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান, সাংবাদিক নেতা শওকত মাহমুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
মঙ্গলবার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএনপি ষষ্ঠ জাতীয় কাউন্সিলে সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদকে দলের ভাইস চেয়ারম্যান করা হয়।
বিএনপির সহদপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’
বিএনপির একটি সূত্র জানিয়েছে, দলের শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকার অভিযোগে এর আগেও শওকত মাহমুদকে একবার কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। তখন তাকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছিল। গত ১৬ মার্চ কলামিস্ট ফরহাদ মজহারের সঙ্গে জাতীয় ইনসাফ কায়েম কমিটি নামে একটি সংগঠনের ব্যানারে রাজধানীর একটি হোটেলে কিছু রাজনীতিবিদ ও আমলাদের নিয়ে নৈশভোজের আয়োজন করেন তিনি, যা দলের কাউকে তিনি জানাননি। এ কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া তিনি জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ছিলেন।
খখ/মো মি


