খাসখবর প্রতিবেদক, কুমিল্লা ডেস্ক: কুমিল্লার বাঙ্গরা বাজার থানা পুলিশ ৫৬ কেজি গাঁজা ও ৭টি দেশীয় তৈরি কাঠের হাতলযুক্ত ছেনিদাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে।
এবিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ ওসি মো. রিয়াজ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ‘টিম বাঙ্গরা বাজার’ ৫৬ কেজি গাঁজা, ৭টি দেশীয় তৈরি কাঠের হাতলযুক্ত ছেনিদাসহ ৭ জনকে গ্রেপ্তার করে। আসামিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, বাঙ্গরা বাজার থানার এসআই আব্দুল আজিজ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক দ্রব্য উদ্ধার করাকালে গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৪ মার্চ রাত সোয়া ৩টার সময় বাঙ্গরা বাজার থানাধীন ৩ নং আন্দিকুট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দেওড়া গ্রামের দূর্বাজ ভূইয়া প্রকাশ নুরুল হক এর উত্তর ভীটিতে অবস্থিত বিল্ডিং ঘরের সামনে বারান্দার খালি জায়গায় অভিযান চালায়। এসময় ওই স্থান হতে আসামী দূর্বাজ ভূইয়া প্রকাশ নুরুল হক, সোহেল, মোঃ আরিফ, উজ্জল, নুরু ভূঁইয়া, তারেকুল ইসলাম প্রকাশ বাবু, মোহাম্মদ চৌধুরী এর হেফাজত হতে ৫৬ (ছাপ্পান্ন) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসময় ১ নং আসামী দূর্বাজ ভূইয়া প্রকাশ নুরুল হকের হেফাজত হতে তার বসত বাড়ির পশ্চিম ভীটিতে অবস্থিত দুই রুম বিশিষ্ট দো-চালা টিনের ঘরের ভিতরের উত্তর পাশের রুমের খাটের নিচ হতে ৭টি দেশীয় তৈরি কাঠের হাতলযুক্ত ছেনিদা উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া আসামীরা হলো, দূর্বাজ ভূইয়া প্রকাশ নুরুল হক (৪০), (পিতা-মৃত আঃ লতিফ ভূইয়া প্রকাশ মনির আলী, মাতা-মনোয়ারা বেগম), সোহেল (২৮), (পিতা-ধনু মিয়া, মাতা-রুনা বেগম,) মোঃ আরিফ (২৮), (পিতা-রুক্কু মিয়া, মাতা-সেলিনা বেগম), উজ্জল (২২), (পিতা-জসিম উদ্দিন, মাতা-মরিয়ম বেগম), নুরু ভূঁইয়া (৩৫), (পিতা-মৃত সুন্দর আলী ভূঁইয়া, মাতা-মিলন বেগম), সর্ব সাং-দেওরা, ৮নং ওয়ার্ড, ৩নং আন্দিকুট ইউপি, থানা-বাঙ্গরা বাজার, জেলা-কুমিল্লা।
তারেকুল ইসলাম প্রকাশ বাবু (২২), (পিতা-মোঃ হারেছ মিয়া, মাতা-মোসাঃ আনোয়ারা), মোহাম্মদ চৌধুরী (২৬), (পিতা-মৃত ভূট্টু মিয়া প্রকাশ মোঃ স্বপন মিয়া, মাতা-মাসুদা খাতুন), উভয় সাং-মাইজ খার (দক্ষিন খার), থানা-কসবা, জেলা-ব্রাহ্মনবাড়িয়া।
এই সংক্রান্তে গ্রেফতার ৭ জন আসামীর বিরুদ্ধে পৃথক ভাবে মাদক ও অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
খখ/মো মি


