খাসখবর খেলা ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ করেই ভারতের বিমান ধরার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু তার আইপিএল খেলার পথে চিত্রনাট্যে আরও একবার বাঁক। নিলাম থেকে দল পেলেও এবারের আইপিএলে যোগ দেবেন না এই অলরাউন্ডার। মূলত তার দল কলকাতা নাইট রাইডার্সের চাওয়াতেই নাকি সাকিব এবারের আসরে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন, ফ্র্যাঞ্চিজিটির এক সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ক্রীড়াবিষয়ক ভারতীয় এক সংবাদমাধ্যম।
সাকিবকে যেহেতু আইপিএলে বেশিরভাগ সময়ই পাওয়া যাবে না, তাই তার পরিবর্তে অন্য কোনো বিদেশি ক্রিকেটার নিতে চায় কেকেআর। সাকিবকে সেই অনুরোধ জানানো হয়েছে।
তবে চুক্তি যেহেতু হয়েছে। সাকিব চাইলে সেই অনুরোধ উপেক্ষা করতে পারতেন। জাতীয় দলের খেলা না থাকা সময়গুলোতে যে ম্যাচ পাওয়া যায়, সেগুলো খেলতে চাইতে পারতেন টাইগার অলরাউন্ডার। কিন্তু কেকেআরের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের খাতিরে সাকিব সেটা করতে চাননি।
কেকেআরের সঙ্গে সুসম্পর্কের কারণেই তিনি তাদের প্রস্তাব মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে এবারের আইপিএলে দেখা যাবে না সাকিবকে।
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের কারণেই শুধু নয়। এরপর আইরিশদের বিপক্ষে ইংল্যান্ডের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও আছে বাংলাদেশের। সিরিজটা হবে ৭ মে থেকে ১৪ মে। অন্যদিকে আইপিএল শেষ হবে ২৮ মে। তার মানে সাকিব আইপিএলের মাঝের অংশেও খেলতে পারবেন না।
সবমিলিয়ে কেকেআর বেশ অস্বস্তিতে পড়েছে টাইগার অলরাউন্ডারকে নিয়ে। তাই সাকিবের বদলে অন্য বিদেশি ক্রিকেটারকে চায় তারা। সাকিব সেই প্রস্তাবে রাজি হয়েছেন। তবে তার পক্ষ থেকে এই ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ক্রীড়াবিষয়ক ভারতীয় এক সংবাদমাধ্যমের খবর, জাতীয় দল ও ব্যক্তিগত কিছু ‘কমিটমেন্ট’ থাকায় আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন সাকিব। তবে লিটন দাসের সিদ্ধান্ত ভিন্ন। তিনি আইপিএলে খেলবেন। এই উইকেটকিপারও জায়গা পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের তাঁবুতে। সাকিব না খেললেও প্রথমবার পাওয়া সুযোগটা হাতছাড়া করতে চান না লিটন। সে কারণেই জাতীয় দলের বাইরে যেটুকু সময় পাবেন, কলকাতার সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
কলকাতা ফ্র্যাঞ্চাইজিটির একটি সূত্র জানিয়েছে, আইপিএলের সময় দেশের খেলায় ব্যস্ত থাকবেন সাকিব। তাই কলকাতা নাইট রাইডার্স সাকিবকে অনুরোধ করেছিল, তিনি এই মৌসুমে না খেললে তার জায়গায় অন্য কোনও খেলোয়াড়কে যোগ করবে ফ্র্যাঞ্চাইজিটি। কলকাতার এই অনুরোধ সাকিব রেখেছেন। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। তবে শিগগিরই ঘোষণা আসতে যাচ্ছে বলে জানিয়েছে ওই সূত্র।
একই অনুরোধ ছিল লিটনের কাছেও। তবে এই উইকেটকিপার ব্যাটার তাতে সাড়া দেননি। বরং দেশের জার্সিতে খেলার পর যে সময়টা পাবেন, সেই সময়ে যোগ দেবেন কলকাতার সঙ্গে। সামনের সপ্তাহেই হয়তো তাকে দেখা যাবে কেকেআর ক্যাম্পে।
খখ/মো মি


