খাসখবর শিক্ষা ডেস্ক: ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে আগামী রোববারের পাঁচ বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বোর্ডগুলো হলো-কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড।
শুক্রবার (১২ মে) এক অফিস আদেশে এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এতে সই করেছেন কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।
আদেশে বলা হয়েছে, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি বোর্ডের রোববারের স্থগিত করা হলো। এই শিক্ষাবোর্ড ছাড়া বাকি বোর্ডের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিস্তারিত জানিয়ে দেয়া হবে।
এদিকে ‘মোখা’ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ‘মোখা’ রোববার দুপুর নাগাদ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হানতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ। এজন্য চট্টগ্রাম, কক্সবাজারকে ৮ নম্বর মহা বিপদ সংকেত ও মোংলা, পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
উল্লেখ্য, রোববার (১৪ মে) কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল বোর্ডে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাঙ্কিং, মাদরাসা শিক্ষা বোর্ডে ইংরেজি প্রথম পত্র (১৩৬) এবং কারিগরি শিক্ষা বোর্ডে পদার্থ বিজ্ঞান-২ (১৯২৫) এর পরীক্ষা হওয়ার কথা ছিল
খখ/মো মি


