খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ ধোপাছড়ির দুর্গম এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একনলা বন্দুকসহ তিন পাহাড়ি সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
৯ জুলাই (রবিবার) রাতে উপজেলার ধোপাছড়ির দুর্গম এলাকায় চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসনের নেতৃত্বে পুলিশের একটি টিম তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী একনালা বন্দুক, ৩ টি ধামা, গান পাউডার ও রশি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রোয়ংছড়ির মৃত সত্যবান ত্রিপুরার ছেলে কিলিরাম ত্রিপুরা (৩৬), আলীকদমের শিগরাং ত্রিপুরার ছেলে যেহেল ত্রিপুরা(৩৪) ও চন্দনাইশ পশ্চিম ধোপাছড়ির নন্দমনি ত্রিপুরার ছেলে সুভাষ ত্রিপুরা(২২)।
এবিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, এতো দিন দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এর সুযোগে পাহাড়ি সন্ত্রাসীগোষ্ঠী অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজিসহ নানা অপরাধ করে গা ঢাকা দিয়ে আসছিল৷ তাদের ধরতে পুলিশের নজরদারি অব্যাহত ছিল। তারই ধারাবাহিকতায় নির্ভর যোগ্য তথ্যের ভিত্তিতে এই তিনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে আরও তথ্য জানা যাবে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
এর আগে শনিবার বেলা সাড়ে তিনটার দোহাজারী পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার নামে তাদের এক সহযোগীকে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক করা হয়।
খখ/মো মি


