“শুধু বাংলাদেশ নিয়ে মাথা ঘামাচ্ছে কিছু দেশ”-ওবায়দুল কাদের

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক: চলতি বছর বিশ্বের ২২টি দেশে নির্বাচন হলেও শুধু বাংলাদেশ নিয়ে কিছু দেশ মাথা ঘামাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

thai foods

শনিবার (১২ আগস্ট) বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিএনপির সঙ্গে সহ-অবস্থানের আর সুযোগ নেই জানিয়ে কাদের বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, মন চাইলে নির্বাচনে আসবেন, না হয় যা মন চায় তা করেন।

এবছর বিশ্বের ২২টি দেশে নির্বাচন জানিয়ে কেন বাংলাদেশ নিয়েই বিদেশিদের এত আগ্রহ, সে বিষয়ে প্রশ্ন তোলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তাদের মানবাধিকার চেতনা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, পৃথিবীর কোনো দেশেই ওয়াশিংটন হস্তক্ষেপ করতে পারে না। শুধুমাত্র বাংলাদেশেই পান থেকে চুন খসলেই আমাদের নিষেধাজ্ঞা দেবে, ভিসানীতি দেবে- এমন হুমকি-ধামকি দেয়।

তিনি আরও বলেন, গণতন্ত্র আছে বলেই উন্নয়নের মুখ দেখছে বাংলাদেশ। বিএনপি দেশের উন্নয়নে প্রশংসা করতে পারে না। সব ক্ষমতার মালিক আল্লাহ, সেখানে বিএনপি কীভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাবে?

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের উন্নয়নের বিএনপির অন্তরজ্বালা। পরাজয়ের ভয়ে বিএনপির এক দফা খাদে পড়ে মরণ যন্ত্রণায় ছটফট করছে। বিএনপির সমাবেশে নেতাকর্মীদের সংখ্যা কমে গেছে, তাদের মিছিল সমাবেশে দৈর্ঘ্য বেড়েছে, প্রস্থ কমেছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বিএনপিকে প্রতিপক্ষভাবে আর তারা আওয়ামী লীগকে শত্রুভাবে, সেটার যাত্রা শুরু করেছিল ২১ আগস্ট। ১৫ আগস্ট কিংবা একুশে আগস্টসহ সব হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড জিয়া পরিবারের সদস্যরা।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি জানে নির্বাচনে তাদের কী দশা হবে। এ মুহূর্তে নির্বাচন হলে দেশের ৭০ ভাগ ভোট শেখ হাসিনাকে দেবে। যে কোনো সংকট কিংবা সমস্যায় শেখ হাসিনার ওপর আস্থা রাখতে সারাদেশের মানুষের প্রতি আহ্বানও জানান ওবায়দুল কাদের।

খালেদা জিয়ার জন্মবার্ষিকী ছয়বার হয় কী করে? এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্ট কীভাবে তার জন্মদিন হয়।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার, পার্লামেন্ট বিলুপ্তি, শেখ হাসিনার পদত্যাগসহ বিএনপির কোনো দাবি মেনে নেওয়া হবে না, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, মন চাইলে নির্বাচনে আসবেন না হয় যা মন চায় তা করেন।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ অন্যরা।

খখ/মো মি

আগেডেঙ্গুতে একদিনে আরও ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৩২ জন
পরে“বিএনপির সঙ্গে কোনো বিদেশি শক্তি নেই”-প্রধানমন্ত্রী