খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীতে একাত্তরের যুদ্ধাপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে জামায়াত- শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে।
এতে গ্রেপ্তার ৪৮ জনসহ প্রায় ৩শ’ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে পুলিশের পক্ষ থেকে সিএমপির খুলশী থানায় একটি এবং কোতোয়ালী থানায় দুটি মামলা করা হয়।
খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা জানান, গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় খুলশী থানায় একটি মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়।
এদিকে, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির বলেন, ‘মঙ্গলবার (১৫ আগস্ট) নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ থেকে আলমাস মোড় পর্যন্ত জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা নিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা শুরু করলে পুলিশ তাতে বাঁধা দেয়। এতে বিক্ষুব্ধ অবস্থায় তারা পুলিশের উপর হামলা চালায়। এতে ৫ পুলিশ সদস্য গুরুতর আহত হয়।’
তিনি আরও বলেন, ‘এই ঘটনায় ৪০ জনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ৪০ ও পলাতক ২৫ জনসহ অজ্ঞাত ২৫০ বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’
এর আগে, মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে নগরীর কাজীর দেউড়ি মোড় এলাকায় সাঈদীর গায়েবানা জানাজা কেন্দ্র করে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন জামায়াত-শিবিরের নেতাকর্মীকে আটক করে পুলিশ।
এরপর বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর ওয়াসা মোড় এলাকায় জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে সাইদীর গায়েবানা জানাজা নামাজের প্রস্তুতি নিচ্ছিল সংগঠনটির নেতাকর্মীরা। এসময় পুলিশ জমিয়তুল ফালাহর প্রধান গেট আটকে দিলে নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এরপর সংঘর্ষের ঘটনা ছড়িয়ে পড়ে।
খখ/মো মি


