খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে গ্রেফতারের পর পুলিশ হেফাজতে ‘অসুস্থ হয়ে’ দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় দুই কর্মকর্তা(এএসআই)কে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
চান্দগাঁও থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদমর্যাদার এ দুই দুদক কর্মকর্তাকে গ্রেফতার করে থানায় নিয়েছিলেন।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ তাদের দামপাড়াস্থ সিএমপি পুলিশ লাইনে সংযুক্ত করার আদেশ দেন।
দুই পুলিশ কর্মকর্তা হলেন- এএসআই মো. ইউসুফ আলী ও এটিএম সোহেল রানা।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার এম এ মাসুদ গণমাধ্যমকে বলেন, ‘পুলিশ হেফাজতে দুদকের সাবেক কর্মকর্তার মৃত্যুর ঘটনা তদন্তে সিএমপির একটি কমিটি কাজ শুরু করেছে। যেহেতু দুজন পুলিশ সদস্য ওই দুদক কর্মকর্তাকে আদালতের পরোয়ানামূলে গ্রেফতার করেছিলেন, তাই তদন্তটা যাতে নির্মোহ ও নিরপেক্ষ হয়, সে জন্য তাদের ক্লোজ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে নগরীর চান্দগাঁও থানা পুলিশ দুদকের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহকে (৬৪) গ্রেফতার করে। তার বাসা নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, একটি সি আর মামলায় পরোয়ানামূলে পুলিশ শহীদুল্লাকে গ্রেফতার করে থানায় নিয়েছিল। তাকে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) কক্ষে বসানোর পর তিনি অসুস্থবোধ করতে থাকেন। হৃদরোগে আক্রান্ত শহীদুল্লারহ’র মুখে এসময় ইনহেলার স্প্রে করেন তার সঙ্গে যাওয়া ছোট ভাই।
কিন্তু অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করলে ছোট ভাইয়ের চাহিদা অনুযায়ী পুলিশ শহীদুল্লাহকে বেসরকারি পার্কভিউ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে শহীদুল্লাহ’র পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের কাছে অভিযোগ করা হয়েছে, গ্রেফতারের সময় তার সঙ্গে নির্দয় আচরণ করা হয়েছে।
পরিবারের অভিযোগমতে শহীদুল্লাহকে গ্রেফতারের ক্ষেত্রে বিধিবর্হিভূত কোনো কাজ করা হয়েছে কি না এবং থানায় নিয়ে যাবার পর তার সঙ্গে নিয়ম বর্হিভূত কোনো আচরণ করা হয়েছে কি না সেটা নির্ণয়ের জন্য সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।
সিএমপির গোয়েন্দা পুলিশের উত্তর জোনের উপ কমিশনারকে প্রধান করে কমিটিতে নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) এবং বিশেষ শাখার সহকারী কমিশনারকে সদস্য করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
খখ/মো মি


