খাসখবর চট্টগ্রাম : পাহাড়ের পাদদেশ থেকে মাটি খুঁড়ে উদ্ধার করা হল প্রায় এক মাস আগে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে নিখোঁজ হওয়া ট্রাক চালক আজিজুল হক (২২) এর মরদেহ।
শনিবার (২৪ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে পোমরা চৌধুরীখীল নাজিম প্রফেসার বাড়ির পাহাড়ের পাদদেশে একটি ডোবা থেকে চালক আজিজের গলিত লাশ উদ্ধার করা হয়।
আজিজুল হক গত ২৫ মার্চ থেকে তার নিজের মিনি ট্রাকসহ নিখোঁজ ছিলেন। তিনি রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার আবদুল হাকিমের ছেলে।
আজিজুলের পিতা আবদুল হাকিম জানান, কয়েকদিন আগে কক্সবাজারের রামু থানা এলাকা থেকে তার ছেলের চালিত নিখোঁজ ট্রাকটি উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেছে গ্রামের লোকজন।
পরে এ ঘটনায় জড়িত সন্দেহে সন্দ্বীপ থেকে মো. নিজাম (৩০) নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। নিজামের বাড়ি সন্দ্বীপ উপজেলায় হলেও তারা দীর্ঘদিন ধরে রাঙ্গুনিয়ার হাজিপাড়ার পাহাড়ি এলাকায় নিজস্ব ঘর নির্মাণ করে বসবাস করে আসছিলেন। তার পিতার নাম নুরুল আলম।
তবে পুলিশের সন্দেহ সঠিক হয়। জিজ্ঞাসাবাদে নজাম অকপটে স্বীকার করে ট্রাক ছিনতাই করার কথা। তাছাড়া তার দেয়া তথ্য মতে পোমরা চৌধুরীখীল নাজিম প্রফেসার বাড়ির পাহাড়ের পাদদেশে একটি ডোবা থেকে চালক আজিজের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) মো. মাহবুব মিল্কী লাশ উদ্ধার ও গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারের পর নিজাম পুলিশের কাছে স্বীকার করেছে আজিজুল হককে হত্যার পর ট্রাকটি লুট করে নেয়া হয়।
খখ/প্রিন্স


