খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে স্বামীর ছুরিকাঘাতে খুন হয়েছেন মিনু আক্তার (৩৫) নামের এক গৃহবধূ। স্ত্রীকে হত্যার পর পালিয়েছে স্বামী ফরিদুল আলম।
শুক্রবার (১১ এপ্রিল) ভোররাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলশার শেওলা বাপের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত স্ত্রী মিনু আক্তার (৩৫) বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলশার অজি আহমদের কন্যা।
জানা গেছে, খানখানাবাদ ইউনিয়নের ডোংরা কালু ফকির বাড়ির মৃত দুধু মিয়ার পুত্র নইমুদ্দিন প্রকাশ ফরিদুল আলমের (৪২) সঙ্গে মিনু আক্তারের (৩৫) বিয়ে হয় ১৫ বছর আগে। তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ফরিদুল আলম মোবাইল ব্যবসার সুবাদে প্রায়ই চট্টগ্রাম শহরে থাকতেন। মাঝে-মধ্যে বাড়িতে আসতেন। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
শুক্রবার ভোরে ফরিদুল আলম চট্টগ্রাম থেকে বাড়িতে এসে ঘুমন্ত স্ত্রী মিনু আক্তারের বাম চোখের পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে মিনুর চিৎকার শুনে স্বজনরা এসে তাকে নিয়ে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
নিহত গৃহবধুর মেঝভাই নেজাম উদ্দিন বলেন, ‘গত বৃহস্পতিবার মাগরিবের পর আমার বোন বেড়াতে আসে। প্রায় সময় তার স্বামী আমার বোনকে টাকার জন্য মারধর করে। বাপের বাড়ি থেকে টাকা আনতে বলতো। ঘটনার দিন রাতে তার স্বামী এসে আমার ঘুমন্ত বোন মিনু আক্তারের কক্ষে ডুকে বাম চোখের পাশে ছুরিকাঘাত করে কম্বল ঢেকে দিয়ে পালিয়ে যায়। পরে মিনুর শোর চিৎকার শুনে আমার মা সহ আমরা এসে তাকে উদ্ধার করি। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পলাতক স্বামী ফরিদুল আলমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
খখ/মো মি


