খাসখবর আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে ডিমের দাম বেড়ে এখন সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে ঠেকেছে। প্রতি ডজন ডিম ৬ দশমিক ২৩ ডলারে বিক্রি হচ্ছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬০ টাকা। এ তথ্যটি সম্প্রতি দেশটির শ্রম পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত নতুন পরিসংখ্যানে উঠে এসেছে।
এতে দেখা যায়, গেল ফেব্রুয়ারিতে প্রতি ডজন ডিম ছিল ৫ দশমিক ৯০ ডলার এবং জানুয়ারিতে ছিল ৪ দশমিক ৯৫ ডলার। আর মার্চ মাসে এক ডজন ডিমের গড় দাম ৬ দশমিক ২৩ ডলার। তবে বর্তমানের দাম আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। যা এক বছর আগের দামের দ্বিগুণেরও বেশি।
গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রে ডিমের দাম ৩৫ শতাংশ কমে এসেছে। তিনি এর জন্য কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্সের প্রশংসা করে বলেন, দাম কমানোর ক্ষেত্রে তিনি ‘ভালো কাজ’ করেছেন।
তবে বিশেষজ্ঞরা মনে করেন, যুক্তরাষ্ট্রের ডিমের দাম বাড়ার অন্যতম প্রধান কারণ বার্ড ফ্লুর প্রাদুর্ভাব। ২০২২ সাল থেকে এ সংকট মোকাবিলায় ধুঁকছে দেশটি। চলতি বছরে বার্ড ফ্লুর সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে। খামারিরা তিন কোটির বেশি ডিম দেওয়া মুরগি নিধন করেছে।
যুক্তরাষ্ট্রের সরকারি নীতিমালা অনুযায়ী, যদি কোনো খামারে একটি মুরগিও আক্রান্ত হয় তাহলে পুরো খামারের সব মুরগি মেরে ফেলতে হয়। তবে উদ্ভূত পরিস্থিতিতে এই নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে।
দেশটির কৃষি বিভাগ জানিয়েছে, গত দুই সপ্তাহে নতুন করে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা যায়নি। তবে এরপরও ডিম উৎপাদন ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগছে।
খখ/মো মি


