কক্সবাজারে ডিসি গোল্ডকাপ ফাইনালে উপচেপড়া ভিড়, দর্শকদের তান্ডব, সংঘর্ষে ইউএনওসহ আহত ৫০  

thai foods

খাসখবর বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: কক্সবাজারে জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ রণক্ষেত্রে পরিণত হয়েছে। উপচেপড়া দর্শকের ভিড় সামলাতে না পেরে আইনশৃঙ্খলা বাহিনী ও দর্শকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

thai foods

এতে ইউএনও, সাংবাদিকসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। বিশৃঙ্খলার কারণে স্থগিত করা হয়েছে ফাইনাল খেলা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল রামু ও টেকনাফ উপজেলা দল। কিন্তু দর্শকের অতিরিক্ত চাপ, টিকিট কালোবাজারি, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় খেলা মাঠে গড়ায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাঠের চরম অব্যবস্থাপনা এবং টিকিট বিক্রিতে অনিয়ম থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়। নির্ধারিত টিকিটের মূল্য ছিল ৫০ টাকা, কিন্তু বিক্রি হচ্ছিল ১০০ থেকে ৪০০ টাকায়।

তার মধ্যে ১০ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে ঢুকে পড়েন ৪০–৫০ হাজার মানুষ। টিকিট না পাওয়া অনেক দর্শক গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দেয়। বিকেল ৪টার দিকে গ্যালারি ছাড়িয়ে মাঠে নেমে পড়েন দর্শকরা। খেলা শুরু না হওয়ায় ক্ষুব্ধ দর্শকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয় স্টেডিয়ামের গেট ও জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকেলেই মাঠে নামে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। কিন্তু ততক্ষণে সংঘর্ষে আহত হন কক্সবাজার সদর উপজেলার ইউএনও নিলুফা ইয়াসমিন, সদর থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন, কয়েকজন সাংবাদিকসহ অন্তত অর্ধশতাধিক দর্শক।

এ অবস্থায় খেলার প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব উল আলমকে নিরাপদে সরিয়ে নেয় জেলা প্রশাসন। সন্ধ্যা পর্যন্ত স্টেডিয়াম এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে। চারপাশে মোতায়েন রয়েছেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

স্থানীয়দের অভিযোগ, আয়োজক কমিটির অব্যবস্থাপনাই এই ঘটনার জন্য দায়ী। টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার এক সদস্য বলেন, ‘আয়োজকরা সতর্ক থাকলে এমন বিশৃঙ্খলা হতো না।’

গত ১ সেপ্টেম্বর থেকে ৯ উপজেলার অংশগ্রহণে শুরু হয় এই ফুটবল টুর্নামেন্ট।

খখ/মো মি

আগে“জামায়াতে ইসলামী ‘একটি চিতাবাঘ, যার দাগ বদলায় না”-হর্ষ বর্ধন শ্রিংলা
পরেদুই সিনেমা দিয়ে এবার বড় পর্দায় যাত্রা সাদিয়া জাহান প্রভার