খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: সিএমপির পতেঙ্গা মডেল থানার পুলিশ দ্রুত সময়ের মধ্যে অভিযান চালিয়ে মব সৃষ্টি করে পুলিশ আক্রান্তের মামলায় মূলহোতাসহ ২ জনকে গ্রেফতার করেছে।
এবিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন।
পুলিশ জানায়, ৭ অক্টোবর সকাল ৬টা হতে সার্জেন্ট প্রিয়তোষ বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ (সিরা-ট্যাঙ্গো-৫৩১) কাটগড় বাজার, চরপাড়া ও ডায়মন্ড হোটেল এলাকায় ডিউটিতে নিয়োজিত ছিলেন। পতেঙ্গা মডেল থানাধীন কাটগড় মাছ বাজারের সামনে ডিউটি করাকালে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অনুমোদন বিহীন ব্যাটারী চালিত অটোরিক্সা ও টমটম গাড়ীর বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি টমটম গাড়ী আটক করে।
আটক গাড়ীটি ডাম্পিং-এ নিতে চাইলে টমটম গাড়ীর অজ্ঞাতানামা ড্রাইভার গাড়ী হতে নেমে সরকারী কাজে বাধা প্রদান করে। এক পর্যায়ে আসামী মোঃ শাহেদ খান (২৫) পতেঙ্গা থানাধীন কাটগড় বাজার এলাকায় তার সহযোগী অজ্ঞাতনামা ৮-১০ জন লোক জড়ো করে বেআইনী জনতাবদ্ধে মব সৃষ্টি করে এবং ডিউটিরত পুলিশদের প্রতি ক্ষীপ্ত হয়ে গাড়ীতে থাকা কাঠের বাটাম নিয়ে টমটম গাড়ীর গ্লাস ভাংচুর করে এবং সার্জেন্ট প্রিয়তোষ বড়ুয়ার সংগীয় নায়েক মোঃ নজরুল ইসলামকে আঘাত করে আহত করা হয়।
এ ঘটনায় মামলা রুজু হলে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনের নেতৃত্বে ‘টিম পতেঙ্গা’ মব সৃষ্টি করে ট্রাফিক পুলিশকে আহত করার ঘটনায় মূল আসামী মোঃ শাহেদ খান (২৫) ও মোঃ নয়নকে (৪২) গ্রেফতার করে।
পতেঙ্গা থানার সেকেন্ড অফিসার এস আই সাইদুল ইসলাম জানান, এ ঘটনায় গ্রেফতার আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অভিযানে ছিলেন এসআই-মোহাম্মদ ইমরান, এসআই-রাজ্জাকুল ইসলাম রুবেল, এএসআই-আব্দুল গনি।
খখ/মো মি


