খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার ভূজপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে’কে।
গত ৩ ডিসেম্বর (মঙ্গলবার) লটারির মাধ্যমে ৫২৭ থানার অফিসার ইনচার্জদের বদলির আদেশের মাধ্যমে তাকে চট্টগ্রাম জেলার ভূজপুর থানায় পদায়ন করা হয়।
একই সাথে ভূজপুর থানার ওসি মো. মাহবুবুল হককে কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে বদলি করা হয়েছে।
গত সোমবার (৮ ডিসেম্বর) ওসি বিপুল চন্দ্র দে চট্টগ্রাম জেলার ভূজপুর থানায় যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন।
জুলাই বিপ্লবের পর গত বছরের (২০২৪ সাল) সেপ্টেম্বর মাসে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে প্রথমবারের মতো ইন্সপেক্টর বিপুল চন্দ্র দে দায়িত্বভার গ্রহণ করেন। একটানা ১ বছর ৩ মাসের মতো সময় তিনি সুনামের সাথে এবং সফলভাবে কুমিল্লার মনোহরগঞ্জ থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেন।
কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানায় যোগদানের পর ওসি বিপুল চন্দ্র দে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সাফল্যজনক কর্মকাণ্ডের জন্য কুমিল্লা জেলায় কৃতিত্বের স্বাক্ষর রাখেন।
তৎকালীন কুমিল্লা জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় কুমিল্লার মনোহরগঞ্জ থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশেষ অভিযান পরিচালনা করে চোর-ডাকাত, অস্ত্রধারী-সন্ত্রাসী গ্রেফতার, মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দস্যূতাসহ নিয়মিত মামলার আসামী, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার, মাদক উদ্ধারসহ নানাবিধ কার্যক্রমের জন্য উত্তম কাজের স্বীকৃতিস্বরুপ ওসি বিপুল চন্দ্র দে একাধিক বার পুরস্কৃত হন।
গোপালগঞ্জ জেলার কৃতি সন্তান ভূজপুর থানার নতুন ওসি বিপুল চন্দ্র দে পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে চট্টগ্রাম রেঞ্জের কুমিল্লা জেলাসহ পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিটে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
নতুন ওসি বিপুল চন্দ্র দে ভূজপুর থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
খখ/মো মি


