খাসখবর জাতীয় ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই বলে পরিষ্কার জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, ‘আমেরিকার সঙ্গে যা কিছু আছে—সবই প্রকাশ্য, কোনো গোপন কিছু নেই।’
রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
বৈঠকে জ্বালানি, বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্রমন্ত্রী জানান, জ্বালানি আমদানির ক্ষেত্রে বাংলাদেশের ওপর কোনো বাধ্যবাধকতা নেই। তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় দাতা দেশ এবং তাদের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বৈঠকে আশ্বাস দেওয়া হয়েছে।’
জ্বালানি খাতে সহযোগিতা প্রসঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। কিছু বিষয় গোপনীয়তার কারণে এখন প্রকাশ করা যাচ্ছে না; তবে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে।
বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র কীভাবে সহায়তা দেবে—এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বিভিন্ন উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছে। সাশ্রয়ী মূল্য যেখান থেকে পাওয়া যাবে—ভারত, মধ্যপ্রাচ্য বা যুক্তরাষ্ট্র—সব বিকল্পই সরকারের জন্য উন্মুক্ত।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে এবং কোনো দেশের নাম চূড়ান্ত হয়নি। সরকারের প্রধান লক্ষ্য হলো—দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। এজন্য বিশ্ববাজারের প্রতিযোগিতামূলক ও সাশ্রয়ী উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ অব্যাহত থাকবে।
খখ/মো মি


