চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় সন্ত্রাসী হামলায় যুবদল কর্মী মিনহাজের হাতের কবজি বিচ্ছিন্ন

Oplus_131072
thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে মিনহাজ উদ্দিন নামে এক যুবদলকর্মীর হাতের কব্জি বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা।

thai foods

এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পাল্টা হামলায় আরও একজন আহত হন এবং কয়েকটি বাসা- বাড়িতে ভাঙচুর চালানো হয়।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে নগরের বলুয়ার দিঘীরপাড় ও বউ বাজার এলাকায় দফায় দফায় এ ঘটনা ঘটে।

আহত যুবদল কর্মী মিনহাজ উদ্দিন, নগরের বাকলিয়া থানার মাস্টারপুল এলাকার মৃত মিজানের ছেলে।

তিনি স্থানীয় একটি গ্রুপের অনুসারী হিসেবে পরিচিত। অপর আহত আরমান প্রকাশ এঞ্জেল, একই থানার বউ বাজার এলাকার মৃত রফিকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় বলুয়ার দিঘীরপাড় এলাকায় মিনহাজের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। ধারালো অস্ত্র দিয়ে তার হাতের একটি কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে, এ হামলার খবর ছড়িয়ে পড়লে দুপুর দেড়টার দিকে নগরের দক্ষিণ বাকলিয়ার বউ বাজার এলাকায় মিনহাজের অনুসারীরা পাল্টা হামলা চালায়। এ সময় আরমান প্রকাশ এঞ্জেলের ওপর হামলা করা হয় এবং তার বাড়িতে ভাঙচুর চালানো হয়। তিনি একটি বাসায় আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পান।

স্থানীয় ও পুলিশ জানায়, ঘটনাস্থল বলুয়ার দিঘী এলাকা কোতোয়ালী ও বাকলিয়া—দুই থানার আওতাধীন হওয়ায় উভয় থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসাইন মুহাম্মদ কবির ভুঁইয়া জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। এতে একজনের হাতের কব্জি বিচ্ছিন্ন করা হয় এবং পরে পাল্টা হামলার ঘটনা ঘটে। উভয় ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এর আগে ৫ এপ্রিল বাকলিয়া থানার মিয়া খান নগর ময়দার মিল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘সন্ত্রাসী’ মোরশেদ খানের অনুসারীরা প্রতিপক্ষ ‘সন্ত্রাসী’ আবদুস সোবাহান ও শওকতের অনুসারীদের লক্ষ্য করে গুলি ছোড়েন। পাশাপাশি ধারালো অস্ত্র দিয়েও এলোপাতাড়ি হামলা করেন। এতে চারজন আহত হন। ঘটনার দিন পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় ঘটনায় ব্যবহৃত শটগান ও দুটি গুলি।

খখ/মো মি

আগেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল
পরেদেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু