খাসখবর জাতীয় ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম।
বিদায়ী ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে তিনি এই স্থলাভিষিক্ত হলেন।
বৃহস্পতিবার (১৪ মে) ছিল ডিএমপির বিদায়ী ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের শেষ কর্মদিবস। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে ডিএমপি সদরদপ্তরে তিনি এস এন নজরুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। নতুন কমিশনার নিয়োগ না হওয়া অথবা পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন বলে নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তৎকালীন কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ করেন। এরপর ২৬ মার্চ অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ারকে ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব দেওয়া হয়।
ডিএমপির জনসংযোগ বিভাগের ডিসি এন এম নাসিরুদ্দিন গণমাধ্যমকে বলেন, “ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী অবসরে যাওয়ার পর সরকার আর কাউকে কমিশনার হিসেবে দায়িত্ব দেয়নি। এ কারণে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে মো. সরওয়ার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের এর দায়িত্ব পালন করেন।
তার অবসরের মাধ্যমেই ডিএমপি প্রশাসনে নতুন এই পরিবর্তন এলো। এস এন নজরুল ইসলাম ১৯৯৮ সালে ১৭তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং জেলা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের ২৭ ডিসেম্বর তিনি ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব নেন। গত সপ্তাহে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হলেও তিনি এখনো নতুন কর্মস্থলে যোগদান করেননি। বর্তমানে তিনি ডিএমপির শীর্ষ এই পদে দায়িত্ব পালন করবেন।
নতুন সরকার গঠনের পর গত ২৫ ফেব্রুয়ারি ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে চাকরি থেকে ইস্তফা দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি। তার ইস্তফার পর এখন পর্যন্ত নতুন কমিশনার বসায়নি বিএনপি সরকার।
খখ/মো মি


