খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে ২টি দেশীয় তৈরি এলজি (লাইট গান)সহ ওমর ফারক নামে ১ জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় সিটি গেট চেকপোষ্টে পরিচালিত এক অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার কাছ থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজের হোসাইন।
গ্রেপ্তার ওমর ফারুক (৪২) নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রামকৃষ্ণপুর এলাকার পন্ডিত বাড়ির আবুল আজাদের ছেলে।
পুলিশ জানায়, গতকাল ১১ নভেম্বর আনুমানিক ছয়টার সময় আকবর শাহ থানার ওসি নাজের হোসাইনের নেতৃত্বে এসআই কিরণ হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকা সিটি গেট চেক পোস্টের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে অভিযান চালানো হয়। এ সময় চট্টগ্রাম থেকে নোয়াখালী গামী ‘লাল সবুজ’ নামের বাসে (যার রেজি: নম্বর ঢাকা মেট্রো ব-১৫-৮০-৮৯) তল্লাশি করার সময় ওমর ফারুকের কাছ থেকে ২টি দেশীয় তৈরি এলজি (লাইট গান) উদ্ধার করা হয়।
ওসি নাজের হোসাইন জানান, গ্রেপ্তার ওমর ফারুকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ওমর ফারুক জানায়, অস্ত্র দুইটি সংগ্রহ করে নোয়াখালী নিয়ে যাচ্ছিল সে।
খখ/মো মি


