খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রম পরিচালনার অভিযোগে আব্দুস সালাম শাওন নামে এক ব্যক্তিকে আটক করেছে খুলশী থানা পুলিশ। গ্রেফতার শাওনকে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
সন্ত্রাস দমন আইনে আব্দুস সালাম শাওনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান।
স্থানীয়ভাবে শাওন নামে পরিচিত এই ব্যক্তি খুলশী থানাধীন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
চট্টগ্রাম ডায়াবেটিস জেনারেল হাসপাতালে কর্মরত আব্দুস সালাম শাওন হাসপাতালে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে প্রকাশ, আওয়ামী লীগ সরকারের পতনের পরও প্রকাশ্যে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন তিনি। পাশাপাশি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচারসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। পরবর্তীতে জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সন্ত্রাস দমন আইনে গ্রেফতার আব্দুস সালাম শাওনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।
উল্লেখ্য, শাওন বর্তমানে চট্টগ্রাম ডায়াবেটিস জেনারেল হাসপাতালে চালক হিসেবে কর্মরত রয়েছেন।
খখ/মো মি


