কক্সবাজারের ঈদগাঁওয়ে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৫

thai foods

খাসখবর প্রতিবেদক, বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

thai foods

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা-সংলগ্ন ফকিরা বাজারের ভাবির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— কক্সবাজারের খুটাখালীর জসিম উদ্দিন (৫৫), বান্দরবানের লামার সাইফুল ইসলাম এবং চকরিয়ার খুটাখালী ইউনিয়নের নলবনিয়া এলাকার সাহাব উদ্দিন। নিহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের মধ্যে একজন নারী রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কক্সবাজার থেকে চকরিয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম শিফাতুল মাজদার দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খখ/মো মি

আগেসিএমপির কর্ণফুলী থানা পুলিশের অভিযান: মামুনুর হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুমন গ্রেপ্তার