খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী মো: খোরশেদ আলম রনিকে (৩৫) দুটি পিস্তল ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সলিমপুর এলাকার মেশকাত উদ্দিন আহমেদ কলোনিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রনি হাটহাজারী থানার নোয়াহাট এলাকার মৃত মাহবুবুল আলমের ছেলে।
এসআরবি তথ্যসূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে ছয় মামলার আসামি খোরশেদ আলম রনি সলিমপুর এলাকায় একটি কলোনিতে অবস্থান করছেন। তাৎক্ষণিক এসআরবির একটি টিম অভিযান চালায় ওই এলাকায়। এই সময় খোরশেদ আলম রনি এসআরবির অভিযানের সংকেত পেয়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে ধাওয়া দিয়ে গ্রেফতার করা হয়। এ সময় রনির কক্ষ থেকে একটি পুরোনো ম্যাগাজিনবিহীন পিস্তল, একটি পিস্তলসদৃশ বস্তু, পাঁচটি স্টিলের পাইপ, স্ক্রু-ড্রাইভার, ড্রিল মেশিন, টুলবক্সসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এই সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি,অবৈধভাবে দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম জব্দ করে তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওস) মো: মহিনুল ইসলাম বলেন, এসআরবি ‘র অভিযানে খোরশেদ আলম রনি নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এই সময় তার কাছে দুটি পিস্তল ও অস্ত্র তরি সরঞ্জাম পাওয়া যায়। তার বিরুদ্ধে থানায় ছয়টি মামলা রয়েছে তার মধ্যে ৪টি ওয়ারেন্ট ভুক্ত। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।
খখ/মো মি


