খাসখবর জাতীয় ডেস্কঃ ‘রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ’-এবারের ঈদ কতটুকু খুশির, আনন্দের হবে তা রাত পোহালেই বুঝা যাবে।
ঈদ মানেই পরম আনন্দ,পরম খুশি। এপ্রতিকূল পরিস্থিতিতে এবারের ঈদ সবার জীবনে নিয়ে আসুক হাসি-খুশী,আনন্দময় ও মঙ্গলময়।
এই ঈদ উৎসবে মুসলমানরা ঈদগাহে কোলাকুলি ও করমর্দন করে থাকেন। কিন্তু বৈশ্বিক মহামারি করোনার কারণে আবারো ঈদ আনন্দের সবকিছুতেই যেন ভাটা পড়েছে।
বিশ্বে লাখ লাখ মানুষের প্রাণ কেড়ে নেওয়া করোনার প্রকোপ থেকে বেরিয়ে অনেক উন্নত দেশ স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করলেও এখনো বিপদে দরিদ্র দেশগুলো। এর মধ্যেই উৎসবে লাগাম টেনে আনন্দের উপলক্ষগুলো উদযাপন করছেন বিশ্বের কোটি কোটি মানুষ।
আজ শুক্রবার (১৪ মে) পবিত্র ঈদুল ফিতর। ৩০ দিন সিয়াম সাধনার পর দেশের মুসলমানরা এদিন ঈদ উদযাপন করবেন।
ঈদের নামাজ একটি বড় উৎসব। এদিন পাড়া-প্রতিবেশী সবাই দলবেঁধে ঈদের নামাজ পড়তে ঈদগাহে যান। নামাজ শেষে একে অপরের সঙ্গে কুশলবিনিময়, কোলাকুলি করেন। কিন্তু করোনার স্বাস্থ্যবিধিতে এবারও তা হচ্ছে না। এবারের ঈদে নামাজ শেষে করা যাবে না চিরাচরিত কোলাকুলি, করমর্দন। উন্মুক্ত স্থানে জনসমাগম করা যাবে না। তাই ঈদের নামাজ মসজিদে মসজিদে পড়তে হবে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে করোনার বিস্তার রোধে সরকারের নির্দেশনায় এবার খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। ঈদ জামাত হবে মসজিদের ভেতরে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে। এবার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের জামাত হচ্ছে না। হচ্ছে না শত বছরের ঐতিহ্য ঐতিহাসিক শোলাকিয়া ময়দানের ঈদ জামাতও। তবে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের মতো এবারও ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউেন্ডশনের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এ জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।
দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এ জামাতের ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিববুল্লাহিল বাকী নদভী। তৃতীয় জামাত হবে সকাল ৯টায়। এই জামাতের ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক।
সকাল ১০টায় অনুষ্ঠিত হবে চতুর্থ জামাত। এ জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম। পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে। এ জামাতের ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ুর রহমান খান। এই ৫টি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ।
মহামারি করোনা পরিস্থিতিতে ঈদের নামাজ আদায়ে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিতে মসজিদের ইমাম-খতিব, মসজিদ ব্যবস্থাপনা কমিটি, ধর্মপ্রাণ মুসল্লি ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
খখ/মো মি


