খাসখবর আইন শৃঙ্খলা ডেস্ক➤ মোবাইল ফোনে অন্য বাহিনী (র্যাব) নিয়ে বিরূপ মন্তব্য করায় একজন এসপি ও একজন এএসপি সাময়িক বরখাস্ত হয়েছেন। বিধি বহির্ভূতভাবে অন্য বাহিনী নিয়ে মোবাইল ফোনে এই দুই পুলিশ কর্মকর্তার মধ্যে কথোপকথন হয়। আর এই কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় রাজশাহী র্যাব-৫ এর এসপি এস এম ফজলুল হক ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এএসপি) নাজমুল হাসানকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই অডিও রেকর্ডে র্যাব সম্পর্কে আপত্তিকর কথোপকথন হয়েছে
এসংক্রান্তে মঙ্গলবার (২৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (১) ধারার বিধান মোতাবেক আচরণবিধি লঙ্ঘন করায় পুলিশের দুই কর্মকর্তাকে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বরখাস্তকৃত দুই পুলিশ কর্মকর্তা হলেন রাজশাহী র্যাব-৫ ব্যাটালিয়নে কর্মরত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এস এম ফজলুল হক (বিপি-৭৮০৮১২১৫৯৪) এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল হাসান (বিপি-৯১১৬১৭৮৩০৯)।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, যেহেতু এস এম ফজলুল হককে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। তাই তাকে সরকারি কর্মচারী আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (১) ধারার বিধান মোতাবেক আজ ২৫ মে থেকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি পুলিশ অধিদফতরে সংযুক্ত থাকবেন।
উল্লেখ্য, এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত ৪৭ জনকে গত ১৬ মে পুলিশ সদর দপ্তর থেকে র্যাবে পদায়ন করা হয়। কিন্তু র্যাবে পুলিশের এসপি পদমর্যাদার কর্মকর্তারা দায়িত্ব পালনে অনীহা রয়েছে।
র্যাবে অন্য বাহিনী থেকে একই পদমর্যাদার কর্মকর্তাদের বয়স অপেক্ষাকৃত তরুণ হওয়ায় এসপি ও অন্য বাহিনীর একই পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে একটি মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থাকে। এ নিয়ে রাজশাহী র্যাব-৫ এ পদায়নকৃত এসপি এস এম ফজলুল হক ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এএসপি) নাজমুল হাসান মোবাইল ফোনে কথোপকথন করেন।
ওই কথোপকথনের রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে ভাইরাল হয়। এর জের ধরে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে সাময়িক বরখাস্ত করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করার নির্দেশ দেয়।
খখ/মো মি


