খাসখবর চট্টগ্রাম ডেস্ক➤ দীর্ঘ অপেক্ষার পর হালদা নদীতে মা মাছ ডিম ছেড়েছে। বুধবার (২৭ মে) দিবাগত রাত ১টার দিকে হালদা নদীর বিভিন্ন স্থানে মা মাছ ডিম ছাড়ে। জোয়ারের পানি বৃদ্ধি পাওয়াতে মা মাছ ডিম ছাড়তে অনুকূল পরিবেশ পায়নি। রাতের জোয়ার শেষে ভাটার সময় মা মাছ ডিম ছেড়েছে।
দেশে একমাত্র প্রাকৃতিক ভাবে মৎস্য প্রজনন হয় হালদা নদীতে। যেখান থেকে সংগ্রহ করা হয় রুই জাতীয় মাছের ডিম।
সংগ্রহকারীরা রাত জেগে মা মাছের ডিমসংগ্রহ করছেন। হালদা নদীর নয়াহাট এলাকার অংশ থেকে ৩/৪ কেজি করে ডিম পাচ্ছেন বলে জানিয়েছেন ডিম সংগ্রহকারীরা। তারা আরো ডিম সংগ্রহ করতে পারবেন বলে আশা করছেন।
মা মাছের ডিম ছাড়ার বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন গণমাধ্যমকে বলেন, রাত আনুমানিক ১টার দিকে হালদা নদীর বিভিন্ন পয়েন্টে মা মাছ ডিম ছাড়ার খবর এসেছে। নয়াহাট এলাকায় ৩/৪ কেজি করে ডিম পাচ্ছেন বলে সংগ্রহকারীরা জানিয়েছেন।
তিনি আরও বলেন, হালদা নদীর হাটহাজারী ও রাউজান অংশের আজিমের ঘাট, অংকুরি ঘোনা, কাগতিয়ার মুখ, গড়দুয়ারা নয়াহাট, রাম দাশ মুন্সির ঘাট, মাছুয়া ঘোনা ও সত্তার ঘাট অংশে ডিম সংগ্রহ শুরু হয়েছে।
বুধবার সকাল থেকে নমুনা ডিম সংগ্রহ করেছে ডিম সংগ্রহকারীরা। পরে রাত ১টার দিকে ৩৮৩টি নৌকায় প্রায় এক হাজার জন ডিম সংগ্রহকারী হালদা নদীতে অবস্থান করছেন। তাদের সাথে
আইডিএফ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হালদা রিসার্চ ল্যাবরেটরির স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীও হালদাপাড়ে আছেন। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ পুলিশ এবং মৎস্য অফিসের লোকজনও সেখানে অবস্থান করছেন।
আশা করছি, লক্ষ্য মাত্রা অনুযায়ী সংগ্রহকারীরা ডিম সংগ্রহ করতে পারবে।
খখ/মো মি


