খাসখবর আন্তর্জাতিক ডেস্ক➤ এবার মেগান-হ্যারি দম্পতির ঘরে আলো করে এলো রাজকন্যা।দ্বিতীয় সন্তানের মুখ দেখলো মেগান মার্কেল এবং প্রিন্স হ্যারি দম্পতি। ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া রাজ পরিবারের এই শিশুকন্যাটি হলো রানী এলিজাবেথের দশম নাতনি।
প্রিন্স হ্যারি এবং মেগান,সাসেক্সের ডিউক অ্যান্ড ডাচেস, তাদের কন্যা লিলিবেট ‘লিলি’ ডায়ানা মাউন্টব্যাটেন-উইন্ডসরকে খুব আনন্দের সাথেই স্বাগত জানান।
“সাসেক্সেসের এক মুখপাত্র হাফপোস্টকে এক বিবৃতিতে জানিয়েছেন মেগান হ্যারি দম্পতির দ্বিতীয় সন্তান লিলি শুক্রবার, ৪ জুন সকাল ১১টা ৪০ মিনিটে সান্তা বারবারা কটেজ হাসপাতালে জন্মগ্রহণ করে।
এক বিবৃতিতে হ্যারি এবং মেগান জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে লিলিবেটের জন্ম হয়। তার ওজন ছিল সাত পাউণ্ডের কিছু বেশি। মা এবং শিশু দুজনেই ভালো এবং সুস্থ আছেন।
বিবৃতিতে তারা আরও জানিয়েছেন, তারা তাদের দ্বিতীয় সন্তানের নাম লিলিবেট রেখেছেন তার প্রপিতামহী রানি দ্বিতীয় এলিজাবেথের ডাক নামে। রাজপরিবারে রানিকে লিলিবেট নামে ডাকা হয়। নামের মধ্যম অংশটি রাখা হয়েছে তার প্রয়াত দাদি, প্রিন্সেস অব ওয়েলসের (প্রিন্সেস ডায়ানা) প্রতি সম্মান জানাতে।
রানি এলিজাবেথের প্রপৌত্র-প্রপৌত্রীদের মধ্যে লিলিবেট ১১তম। রাজসিংহাসনের উত্তরাধিকারের ক্রমতালিকায় তার অবস্থান অষ্টম।
প্রিন্স হ্যারি এবং মেগানের প্রথম সন্তান আর্চি হ্যারিসন মাউন্টব্যাটেন-উইন্ডসরের জন্ম হয় ২০১৯ সালের মে মাসে।
গত বছর জুলাইয়ে অকাল গর্ভপাত হয়েছিল মেগানে। ওই বছর নভেম্বরে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকায় লেখা এক নিবন্ধে ডাচেস অফ সাসেক্স নিজেই সেই তথ্য জানিয়েছিলেন।
গত বছরের শুরুর দিকে পুরো বিশ্বকে চমকে দিয়ে রাজকীয় উপাধি ও দায়িত্ব ত্যাগ করার ঘোষণা দেন প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান।২০২০ সালের জানুয়ারিতে হ্যারি-মেগান দম্পতি ব্রিটিশ রাজপরিবারের প্রতিনিধিত্ব আর না করার সিদ্ধান্তের কথা জানান। স্বাধীন জীবনযাপন করতে তারা রাজপরিবার থেকে বেরিয়ে যান। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন।
খখ/মো মি


