আর্জেন্টিনাকে ফাইনালে তুললেন গোলকিপার মার্তিনেজ

thai foods

খাসখবর খেলা ডেস্ক➤ গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের অনন্য কৃতিত্বেই কোপার ফাইনালে উঠলেন আর্জেন্টিনা।

thai foods

কোপার দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ‘টাইব্রেকার-বীর’ হলেন এমিলিয়ানো মার্তিনেজ। কলম্বিয়ার তিনটি পেনাল্টি ঠেকিয়ে তিনিই তো ফাইনালে তুললেন আর্জেন্টিনাকে। অথচ আর্জেন্টিনার জার্সিতে তাঁর অভিষেক গত মাসেই।

‘বীর’ হয়েও অ্যাস্টন ভিলার এই গোলকিপার যেন খুবই নির্লিপ্ত। তিনি মনে করেন টাইব্রেকারে পেনাল্টি ঠেকানোটা পুরোপুরিই ‘ভাগ্যের ব্যাপার’। তবে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে তিনি আরও সাহসী থাকবেন বলেই জানিয়ে রেখেছেন।

ফাইনালে উঠে ১৯৯৩ সালের পর এই প্রথম বড় কোনো টুর্নামেন্ট জয়ের স্বপ্ন দেখছে মেসির আর্জেন্টিনা। সেমিফাইনালে আর্জেন্টিনার জয়ের নায়ক গোলকিপার মার্তিনেজ মনে করেন এবারের কোপা আমেরিকার শিরোপা তাঁর দলের জন্যই অপেক্ষা করছে, ‘আমাদের দারুণ একজন কোচ আছেন। বিশ্বের সেরা খেলোয়াড় আছেন। আমরা এবারের কোপা জিততে যাচ্ছি।’

পেনাল্টি শ্যুটআউটে কলম্বিয়াকে একাই হারিয়ে দিয়েছেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। ৫টি শটের ৩টিই ঠেকিয়ে দিয়েছেন তিনি। একইসঙ্গে দলকে টেনে তুলেছেন কোপার ফাইনালে। অ্যাস্টন ভিলার এই কিপারের প্রশংসায় পঞ্চমুখ এখন পুরো ফুটবল দুনিয়ায়।

সেই দলে সবার ওপরে আর্জেন্টাইন ক্যাপ্টেন লিওনেল মেসি। সতীর্থ গোলকিপারকে তিনিও প্রশংসায় ভাসিয়েছেন। বলেছেন, এমি একজন ফেনোমেনন।

গেল মাসে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে ২৮ বছর বয়সী এমিলিয়ানোর। মাসখানেকের ব্যবধানে তিনি এখন আলবিসেলেস্তেদের নায়ক।

ম্যাচ শেষে তাকে নিয়ে মেসি বলেন, আমাদের একজন এমি আছে। সে অতুলনীয় একজন। আমরা চোখ বন্ধ করে তার ওপর ভরসা রেখেছিলাম। আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পেরেছি এবং এখন ফাইনালে পা রেখেছি।

কোচ লিওনেল স্ক্যালোনিও তার গোলকিপারকে নিয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, আমরা এমির পারফরম্যান্সে সন্তুষ্ট। কেবল পেনাল্টির জন্যই নয়, পুরো ম্যাচেই সে অসাধারণ খেলেছে। একইসঙ্গে আমাদের ডিফেন্ডাররাও দারুণ খেলেছে।

এদিকে পেনাল্টি শ্যুটআউটের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন এমিলিয়ানো মার্তিনেজ।

খখ/মো মি

আগেসন্ত্রাসীর গুলিতে নিহত হলেন হাইতির প্রেসিডেন্ট
পরেকরোনায় ১ দিনে মৃত্যু দুই শতাধিক, শনাক্ত ১১ হাজার ১৬২ জন