খাসখবর মহামারী ডেস্ক➤ দেশে করোনায় শনাক্তের হার আরও কমেছে। উন্নতি হচ্ছে দিন দিন করোনা পরিস্থিতির। দুই মাস পর টানা চতুর্থ দিনের মতো দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা একশো জনের নিচে নামলো। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ৮৬ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ হাজার ১৯৫ জনে। শনিবার (২৮ আগস্ট) করোনায় মৃত্যু এক শ’র নিচে নামে। ওই দিন মারা যান ৮০ জন।
সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩ হাজার ৩৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১১ দশমিক ৯৫ শতাংশ। গতকাল সোমবার দেশে করোনায় শনাক্তের হার ছিলো ১২ দশমিক ০৭ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৬১৮ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন চার হাজার ১০২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ২৫ হাজার ৯৮৫ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে।
এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩৬টি, জিন এক্সপার্ট ৫৪টি, র্যাপিড অ্যান্টিজেন ৫৯৯টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৭ হাজার ৬৭৩টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ৯৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮৯ লাখ ২৮ হাজার ৩৪৫টি।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১১ দশমিক ৯৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮১ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক শূন্য ৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৪ হাজার ১০২ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ২৫ হাজার ৯৮৫ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৮৬ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৬ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ জন ও ০ থেকে ১০ বছরের মধ্যে ১ জন রয়েছে।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪৪ জন ও মহিলা ৪২ জন। যাদের মধ্যে বাসায় একজন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ২২ জন, চট্টগ্রাম বিভাগে ১৯ জন, রাজশাহী বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ১৫ জন, বরিশাল বিভাগে ২ জন, সিলেট বিভাগে ৯ জন, রংপুর বিভাগে ৫ জন ও ময়মনসিংহ বিভাগে দুইজন মারা গেছেন।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৮৭৩ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন এক হাজার ৪৫৭ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৬৫ হাজার ৩২২ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ পাচ হাজার ৬১৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৫৯ হাজার ৭০৭ জন।
খখ/মো মি


