খাসখবর মহামারী ডেস্ক➤ গত একদিনে করোনায় আবারও মৃত্যুর সংখ্যা বেড়েছে। নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এরআগে গতকাল মঙ্গলবার ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যুর খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদফতর।
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন মৃত্যু ৩৬ জনসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৩১৩ জনে। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৭৬ জন।
বুধবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৭৩৬ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৭৯ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৪৭ হাজার ১৭৬ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪২৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ছয় হাজার ১৩৬ জন।
সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১০টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৮ হাজার ৯৮৬টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ৭৩৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৯৫ লাখ ২৭ হাজার ১৫০টি।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪ দশমিক ৭৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ২৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
এছাড়া আজ নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৪২৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৬ হাজার ১৩৬ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৩৬ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছে।
মারা যাওয়াদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৯ জন নারী। এদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহীতে দুইজন, খুলনা বিভাগে ২ জন, সিলেট বিভাগে দুইজন, রংপুর বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪২৩ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬৭৯ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৭৮ হাজার ৫৩২ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ৩৪ হাজার ৬৮৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৪৩ হাজার ৮৪৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।
খখ/মো মি


