খাসখবর মহামারী ডেস্ক➤ দৈনিক করোনা শনাক্ত হাজারের নিচে নেমে এসেছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৩৯৩ জনে। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৮১৮ জন।
শনিবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৫১৫ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৫৯ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৩৭১ জনে
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৬৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১০ হাজার ১৬৭ জন।
সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৭ হাজার ৫১৫টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৮১৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৯৫ লাখ ৯৬ হাজার ৯২৯টি।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার চার দশমিক ৫৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ১৫ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ৯৬৫ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ১০ হাজার ১৬৭ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২৫ জনের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিনজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে সাতজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছে।
মারা যাওয়াদের মধ্যে ১৪ জন পুরুষ ও ১১ জন নারী। এদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১১ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, খুলনা বিভাগে চারজন, সিলেট বিভাগে দুইজন, রংপুর বিভাগে দুইজন মারা গেছেন।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২৬১ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪৯৬ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৭৯ হাজার ৪৪৮ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ৩৬ হাজার ৫৪৯ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৪২ হাজার ৮৯৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।
খখ/মো মি


