খাসখবর প্রযুক্তি ডেস্ক➤ হঠাৎ করে বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ডাউন হয়ে গেছে। বাংলাদেশের মোবাইল, কম্পিউটার থেকে এসব সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করা যাচ্ছে না। সোমবার (৪ অক্টোবর) রাত পৌনে ১০টার পর এ সমস্যা দেখা দেয়।
ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারছেন না বলে জানিয়েছেন বিশ্বব্যাপী এর ব্যবহারকারীরা। ফেসবুকের মালিকানাধীন এ তিনটি সামাজিক যোগাযোগমাধ্যম কাজ করছে না।
সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টা নাগাদ এ জটিলতা তৈরি হয়েছে। বাংলাদেশেও ব্যবহারকারীরা সমস্যার মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন।
ব্যবহারকারীরা ফেসবুক পেজে প্রবেশের পর এরর বা ব্রাউজার কানেক্ট হচ্ছে না বলে তাদের ডিভাইসের পর্দায় ভেসে উঠছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ফেসবুক বলছে, তারা জানে তাদের বেশকিছু গ্রাহক অ্যাপস এবং অন্যান্য পণ্য ব্যবহারে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। ফেসবুক সবকিছু আগের মত স্বাভাবিক করতে কাজ করছে। যাতে খুব দ্রুতই তারা আগের অবস্থায় ফিরে যেতে পারে এবং এই অবস্থার জন্য তারা ক্ষমা চেয়েছে।
বাংলাদেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইএসপির একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সার্ভার গ্লোবালি ডাউন হয়েছে।
এই তিনটি মাধ্যম ফেসবুকের স্বত্বাধিকারী এবং ওয়েব ব্রাউজার এবং স্মার্টফোন অ্যাপ থেকে প্রবেশ করা যাচ্ছে না বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
ওয়েবসাইট ব্রাউজারের সমস্যা ট্রাককারী ডাউনডিটেক্টর হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে ৮০ হাজার এবং ফেসবুকের ক্ষেত্রে ৫০ হাজার রিপোর্ট চিহ্নিত করেছে।
ডাউনডিটেক্টরের তথ্যানু্যায়ী, সারাবিশ্বে এই সমস্যা দেখা যাচ্ছে।
ফেসবুক এক বিবৃতিতে জানিয়েছে, কিছু মানুষ আমাদের অ্যাপ এবং সেবাগুলো অ্যাক্সেস করতে সমস্যায় পড়েছে বলে জেনেছি। আমরা যতো তাড়াতাড়ি সম্ভব সেবাগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছি এবং অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি। তবে সমস্যার কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি ফেসবুক।
রয়টার্স লিখেছে, বিভ্রাটের খবরে ফেইসবুকের শেয়ারের দর সোমবার এক ধাক্কায় সাড়ে ৫ শতাংশ পড়ে গেছে। প্রায় এক বছরের মধ্যে শেয়ারবাজারে সবচেয়ে বাজে দিনটি পার করছে ফেইসবুক।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট লিখেছে, ফেইসবুকের ইতিহাসে এত বড় মাত্রায় বিভ্রাটের ঘটনা বেশ বিরল। তবে এসব ক্ষেত্রে ফেইসবুক সাধারণত মুখে কুলুপ এঁটে থাকে।
২০১৯ সালেও বড় পরিসরে যান্ত্রিক জটিলতায় পড়েছিল ফেইসবুক। তবে সেবার রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে ওই বিভ্রাট হয়েছিল দাবি করে মূল কারণ আর ব্যাখ্যা করেনি শীর্ষ এই সোশাল মিডিয়া কোম্পানি।
খখ/মো মি


