খাসখবর প্রতিনিধি, বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক➤ কক্সবাজার জেলার পেকুয়ায় ইয়াবার একটি বড় চালান জব্দ করা হয়েছে। পেকুয়া থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করে। জব্দকৃত এসব ইয়াবার বর্তমান বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকার বলে জানিয়েছে পুলিশ।
পেকুয়ায় জব্দকৃত ইয়াবার এই চালান এযাবতকালের সর্বোচ্চ চালান। এই অভিযানে ৭ জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। একইসাথে জব্দ করা হয়েছে ইয়াবা পাচারে ব্যবহৃত একটি কার ও দুটি মোটরসাইকেল।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (১২ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল পেকুয়া সদর ইউনিয়নের হরিণাফাঁড়ির নুইন্যা-মুইন্যা ব্রিজের ওপর এই অভিযান চালায়।
অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটককৃত ৭ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার করা হয়। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি কার (মডেল premio)ও দুটি মোটরসাইকেল(মডেল Suzuki zixer, Yamaha fazer)।
গ্রেফতারকৃত ৭ ইয়াবা ব্যবসায়ীরা হলেন- চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সুলতান আহমদের ছেলে ওমর ফারুক (২৯), মৃত নবী হোছেনের ছেলে শহীদুল ইসলাম (২৮), আলী আহমদের ছেলে জয়নাল আবেদীন (৪৮), মাহবুবুল আলমের ছেলে রিদুয়ানুল করিম (২২), আবদু ছবুরের ছেলে মো. সজিব (২৩) মো. রাজু (২৭), মৃত সাধন চৌধুরীর ছেলে ডাবলু চৌধুরী (৪১)। তাদের বাড়ি আমিরাবাদ ও সুখছড়ি ইউনিয়নের সুন্নিয়া পাড়া ও সুখছড়ি গ্রামে।
অভিযানে নেতৃত্ব দেওয়া পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, বিশ্বস্থ ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করি। এ সময় সর্বোচ্চ সংখ্যক ইয়াবার চালান জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত এসব ইয়াবা ব্যবসায়ীরা স্বীকার করেছে বিক্রির উদ্দেশ্যে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট কক্সবাজারের উখিয়ার কোর্টবাজার থেকে ক্রয় করে। সেই চালান তাদের ব্যবহৃত কার ও দুটি মোটরসাইকেলে করে কক্সবাজার সদর, রামু, চকরিয়া ও পেকুয়া হয়ে চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ে যাচ্ছিল। ইতোপূর্বেও একই সিন্ডিকেট ইয়াবার বড় চালান চট্টগ্রাম ও ঢাকায় পৌঁছে দেয় বলে স্বীকার করে।
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ইয়াবা কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পেকুয়া থানায় মামলা রুজু করা হয়েছে। তাদেরকে আদালতে উপস্থাপন করার প্রক্রিয়া চলছে।
খখ/মো মি


