খাসখবর জাতীয় ডেস্ক➤নতুন নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘একটি দায়িত্ব আরোপিত হয়েছে। এই দায়িত্ব আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব। কমিশনের অপর সদস্যদের দায়িত্ব গ্রহণের পর তাঁদের নিয়ে বসে কর্মপদ্ধতি নির্ধারণ করব।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, ‘আপনারা আসেন, নির্বাচনে অংশগ্রহণ করেন।’
শনিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর রাজধানীর পরীবাগে নিজের বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন কাজী হাবিবুল আউয়াল।
সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘রাজনৈতিক দল মানেই তো ওরা নির্বাচন করবে। সেটা বিএনপি হোক, যা–ই বলি না কেন। অ্যাট লিস্ট (অন্তত) তাদেরকে তো দাওয়াত করতেই হবে, আমন্ত্রণ জানাতে হবে।’
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আওয়ামী লীগকে নিয়ে সমস্যা নেই উল্লেখ করে সিইসি বলেন, ‘আওয়ামী লীগকে নিয়ে তো কোনো সমস্যা নাই। ওরা তো নির্বাচন করবেই। যাঁরা বলছেন নির্বাচন করবেন না, সেসব দলগুলোর প্রতি আমাদের অবশ্যই একটা আবেদন থাকবে যে আপনারা আসেন, নির্বাচনে অংশগ্রহণ করেন।’
নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে সাবেক জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা চাইব। নির্বাচন বিষয়টি আপেক্ষিক। সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের সর্বোচ্চ চেষ্টা থাকবে। আর সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা প্রত্যাশা করি।’
১৪ ফেব্রুয়ারি বিদায় নিয়েছে কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
খখ/মো মি


