রমনার বটমূলে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শফিকুল ইসলাম গ্রেফতার
খাসখবর জাতীয় ডেস্ক➤বহুল আলোচিত রমনা বটমূলে পহেলা বৈশাখে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি শফিকুল ইসলামকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেফতার করা হয়েছে। শফিকুল ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলারও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) কিশোরগঞ্জের ভৈরব এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, গ্রেফতার মুফতি শফিকুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) নেতা।
আরও বেশ কয়েকটি হামলার ঘটনায় তার সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে র্যাব। সেগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত হয়। এ ঘটনায় আরও অনেকে আহত হন। এ ঘটনাস্থলেই মারা যান ৯ জন। এ ঘটনায় পুলিশ রমনা থানায় একটি মামলা করে। ২০০৭-০৮ এ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ মামলার তদন্তে গতি সঞ্চার হয়। ২০০৮ সালের ২৯ নভেম্বর মুফতি হান্নানসহ ১৪ জনকে আসামি করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে দুটি অভিযোগপত্র দেয়। এর একটি হত্যা এবং অপরটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে।
খখ/মো মি


